স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, নাগরিকদের দুর্ভোগ কমাতে সড়কে শৃঙ্খলা ফেরানোর বিকল্প নেই। ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ দেশের সব মহানগর আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে।
গতকাল রোববার দুপুরে বগুড়া সিটি কর্পোরেশন হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ ও সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
ফুটপাত দখলমুক্ত করার পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। । হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। তাদের জন্য পরিকল্পিত ও সন্তোষজনক পুনর্বাসনের ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া বগুড়া ওয়াসা গঠন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) ও নগরবাসীর নিরাপত্তার জন্য মেট্রোপলিটন পুলিশ, তিলোত্তমা বগুড়া গড়তে মাটিডালী-থেকে বনানী পর্যন্ত এসি বাস, তিনটি রেলগেটে অভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণ ও ফুটবল স্টেডিয়াম নির্মাণসহ সরকারের একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেন। এসব প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করার জন্য দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যসহ প্রশাসক নিজে উপস্থিত থেকে তদারকি করবেন।
বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা।