শেষ মুহূর্তে জমে উঠেছে হিলি সীমান্তের কোরবানির পশুর হাট

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায়

2026-05-24T16:23:00+00:00
2026-05-24T16:23:51+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
শেষ মুহূর্তে জমে উঠেছে হিলি সীমান্তের কোরবানির পশুর হাট
দিনাজপুর প্রতিনিধি
রোববার, ২৪ মে, ২০২৬, ৪:২৩ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ৪:২৩ পিএম
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় কোরবানির পশুর হাট। ছবি ভোরের ডাকা
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় শেষ মুহূর্তে হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে শুরু হওয়া হাটে দেশি জাতের গরু ও ছাগলের ব্যাপক সমাগম দেখা গেছে। পশুর দাম তুলনামূলক স্বাভাবিক থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। অন্যদিকে ভালো দামের আশায় অপেক্ষায় রয়েছেন খামারিরা।

রবিবার (২৪ মে) হিলির রাজধানী মোড়ে ঈদুল আজহা উপলক্ষে বসা অস্থায়ী পশুর হাট ঘুরে দেখা যায়, সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ট্রাক, ভ্যান ও পিকআপে করে গরু-ছাগল নিয়ে আসছেন খামারি ও গৃহস্থরা। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো হাট এলাকা। কেউ দরদাম করছেন, আবার কেউ পছন্দের পশু খুঁজে দেখছেন।

হাটজুড়ে ছোট, মাঝারি ও বড় আকারের বিভিন্ন জাতের গরু-ছাগলের সমাহার দেখা গেছে। বিশেষ করে দেশি জাতের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ৪০ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকারও বেশি মূল্যের গরু উঠেছে হাটে। ফলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনতে পারছেন।

কোরবানির পশু কিনতে আসা রোমান হোসেন বলেন, ঈদের আগে আর মাত্র একটি বড় হাট বসবে। তাই আজই গরু কিনতে এসেছি। হাটে প্রচুর গরু উঠেছে এবং দামও নাগালের মধ্যে রয়েছে। আমরা ৯৭ হাজার টাকা দিয়ে একটি বড় গরু কিনেছি। গরুটি দেখে পরিবারের সবাই খুশি।

আরেক ক্রেতা সবুজ উদ্দিন বলেন, এবার হাটে গরুর সরবরাহ অনেক বেশি। তাই দামও অতিরিক্ত বাড়েনি। আমরা কয়েকটি গরু দেখছি, আশা করছি পছন্দমতো একটি ভালো পশু কিনতে পারবো।

খামারিরাও হাটে ভালো বেচাকেনার আশা করছেন।

গরু বিক্রেতা মাহামুদুল হাসান বলেন, আমার গরুটির নাম বান্জি। প্রায় দুই বছর ধরে অনেক যত্ন করে লালন-পালন করেছি। গরুটির দাম এক লাখ টাকা চেয়েছি। অনেকে ৮০ হাজার টাকা পর্যন্ত বলছেন, তবে ৯০ হাজার টাকার নিচে বিক্রি করবো না। খাবার ও পরিচর্যায় অনেক খরচ হয়েছে।

আরেক বিক্রেতা আলোম হোসেন বলেন, আমার আড়িয়া জাতের গরুর দাম চাচ্ছি ৮০ হাজার টাকা। ক্রেতারা ৭০ থেকে ৭২ হাজার টাকা বলছেন। ৭৫ হাজার টাকা হলে বিক্রি করে দেবো। এবার হাটে ক্রেতা ভালো, আশা করছি শেষ পর্যন্ত ভালো দাম পাবো।

হাটে সার্বক্ষণিক টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি মেডিকেল টিম। অসুস্থ পশু শনাক্তকরণ, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে নিয়মিত।

হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন কর্মকর্তা মোনতাসির মামুন জানান, চলতি বছর উপজেলায় কোরবানির জন্য মোট ১৫ হাজার ৯৮৩টি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে গরু, মহিষ ও ছাগল রয়েছে। চাহিদা রয়েছে প্রায় ১৫ হাজার ২৫০টি পশুর। অর্থাৎ চাহিদার তুলনায় অতিরিক্ত ৭৩৩টি পশু রয়েছে। উপজেলায় মোট ৩ হাজার ২৩৯টি খামার রয়েছে।

তিনি বলেন, হাটে পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। খামারিদের উৎসাহিত করতে এবং নিরাপদ পশু নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আশা করছি, এবার ঈদে কোনো সংকট হবে না এবং ক্রেতারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু কিনতে পারবেন।

শেষ মুহূর্তে জমে ওঠা এই পশুর হাটকে কেন্দ্র করে সীমান্ত এলাকার অর্থনীতিতেও ফিরেছে প্রাণচাঞ্চল্য। খামারি, পরিবহন শ্রমিক, খাবারের দোকানদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ঈদকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: