ফরিদপুরের সালথা উপজেলার একটি গ্রামে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত মো. খায়ের দাই (৩৫) উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করেন।
ভুক্তভোগী শিশুটির মা জানান, দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গেলে অভিযুক্ত খায়ের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি টের পেয়ে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে একটি ঘরে রাখেন। তবে পরে সুযোগ বুঝে সে পালিয়ে যায়। বর্তমানে অভিযুক্ত পলাতক রয়েছে। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনার পর অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামী করে ওই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। তিনি বলেন, অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।