পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীতে বিক্রির জন্য আনা একটি গরু অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় র্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ঈদ উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে তিনি পরিচিতজনদের কাছ থেকে ঋণ নিয়ে ১০টি গরু কিনেছিলেন। গরুগুলো রামপুর এলাকায় রেখে নিজেই পাহারা দিচ্ছিলেন।
তার ভাষ্য, ভোরের দিকে ৪ থেকে ৫ জনের একটি দল এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে একটি বড় গরু জোর করে গাড়িতে তুলে দ্রুত পালিয়ে যায়। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গাড়িটির পিছু নিলেও ছিনতাইকারীদের আটক করা সম্ভব হয়নি।
ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন ওই ব্যবসায়ী। ঋণ করে কেনা গরুটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক ব্যবসায়ী ফেনীর হাটে গরু নিয়ে আসছেন। এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খামারি ও গরু ব্যবসায়ীরা।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।