দীর্ঘ সময় চোটের সঙ্গে লড়াই করার পরও বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ায় কোচ টনি পোপোভিচ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার ম্যাথিউ লেকি।
৩৫ বছর বয়সী লেকি ২০২২ সালের কাতার বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে জয়সূচক গোল করে অস্ট্রেলিয়াকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ইনজুরিতে ভরা একটি মৌসুম কাটালেও এবারও বিশ্বকাপ মঞ্চে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত তিনি।
গত ডিসেম্বরে নিতম্বে অস্ত্রোপচারের কারণে বেশ কয়েক মাস মাঠের বাইরে ছিলেন মেলবোর্ন সিটির র এই তারকা। ফলে এ-লিগে তার খেলার সুযোগও সীমিত হয়ে পড়ে। তবে এপ্রিলে দলে ফিরে ভালোভাবেই অনুশীলনে যোগ দেন তিনি। বর্তমানে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টকে সামনে রেখে ফ্লোরিডায় অস্ট্রেলিয়া দলের প্রস্তুতি ক্যাম্পে রয়েছেন লেকি।
শুক্রবার (২২ মে) সংবাদমাধ্যমকে তিনি বলেন, “সময়টা কঠিন ছিল, তবে নিজের ওপর বিশ্বাস হারাইনি। আমি জানতাম আবারও ফিরতে পারব। ফিট থাকতে পারলে এখনও দলের জন্য অনেক অবদান রাখতে সক্ষম।”
অস্ট্রেলিয়া আগামী ১৩ জুন ভ্যাঙ্কুভারে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর তারা স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে।