সিলেট সদর উপজেলায় দেড় বছর বয়সী মাইমুনা জান্নাত তোহা নামের এক শিশুকন্যাকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।
শুক্রবার (২২ মে) ভোরে উপজেলার জালালাবাদ থানাধীন কালারুকা গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অভিযুক্ত মা সুবিনা বেগমকে (২৫) স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ। নিহত শিশু মাইমুনা কালারুকা গ্রামের আমির আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে পুরাতন কালারুকা আমির আলী যখন ফজরের নামাজ পড়ছিলেন, ঠিক সেই মুহূর্তে তাঁর স্ত্রী সুবিনা বেগম ঘরের ভেতর ধারাল বঁটি দিয়ে ঘুমন্ত শিশু মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যা করেন। নামাজ শেষে আমির আলী ঘরে ফিরে এই নৃশংস দৃশ্য দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। ইতিমধ্যেই নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক সুবিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।