চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ৫ বছরের এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
আদালতের নির্দেশে বুধবার (২০ মে) সাতকানিয়া থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রেকর্ড করা হয়।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ৯ মে সকালে শিশুটির মা শাহিন সোলতানা তার মেয়েকে দক্ষিণ কেওঁচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ পৌঁছে দেন। স্কুল ছুটির পর শিশুটি অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যদের কাছে বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে।
ঘটনার পর শিশুটিকে প্রথমে সাতকানিয়ার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হয়েছে।
আইনি সহায়তার জন্য পরিবার আদালতের শরণাপন্ন হলে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেয়। আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২৫) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।
সাতকানিয়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই মোঃ রোমান হোসেন-কে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘটনাটি প্রকাশের পর স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। সচেতন মহল ও অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।