জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (২০ মে) দুপুরে সরকারি নজরুল একাডেমি মাঠ ও ঐতিহাসিক নজরুল মঞ্চ পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
পরিদর্শনকালে তিনি অনুষ্ঠানস্থলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং আশপাশের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টও ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) ইসরাফিল হাসান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদসহ জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।