জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন জাকসুর নেতারা।
শনিবার (১৬ মে) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তাঁরা। এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো—
অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে হবে;
গ্রেপ্তারে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে;
রেজিস্ট্রার, নিরাপত্তা ও প্রক্টরিয়াল বডির জবাবদিহিতা নিশ্চিত করতে হবে;
ঘটনাকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার বন্ধ করতে হবে;
দাবি পূরণ না হলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে যাওয়া হবে।
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, গত ১২ মে রাতের ঘটনার পর জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ও অন্যান্য শিক্ষার্থীরা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। তবে পরবর্তীতে সিসিটিভি ফুটেজ শনাক্তকরণে প্রশাসনিক জটিলতা ও সমন্বয়হীনতার কারণে সুষ্ঠু তদন্ত ব্যাহত হয়েছে।
তিনি আরও বলেন, যাচাইবিহীন এআই-নির্ভর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রকৃত অপরাধী শনাক্তের প্রক্রিয়া বিভ্রান্তির মুখে পড়েছে।
সংবাদ সম্মেলন শেষে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, “আমরা সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেছি। তারা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয়ভাবে কাজ করার জন্য আমরা বারবার অনুরোধ জানাচ্ছি।”