জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
আগামীকাল শনিবার (৭ জুন) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ‘কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
উপাচার্য বলেন, দক্ষতাভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষাকে (মোরাল এডুকেশন) গুরুত্ব দিয়ে নতুন কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘মোরাল এডুকেশন’ কর্মসূচি চালু করা হবে। এছাড়া অনার্স পর্যায়ে ২ ক্রেডিটের মোরাল এডুকেশন কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, যেসব কলেজের অনার্স কোর্স পরিচালনার প্রয়োজনীয় সক্ষমতা নেই, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে অনার্স কোর্স পরিচালনাকারী কলেজগুলোর প্রায় ৯০ শতাংশ তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য পর্যালোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর কথাও জানান উপাচার্য। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণের নির্দেশনা দেওয়া হবে।
শিল্প-শিক্ষা সংযোগ (ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ) জোরদার করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে এ সংযোগের হার ১০ শতাংশেরও কম। ২০২৭ সালের মধ্যে তা ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দক্ষতাভিত্তিক কারিকুলাম বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধির জন্যও সরকারের কাছে আবেদন করা হয়েছে বলে জানান উপাচার্য।