দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ের সমস্যা-চ্যালেঞ্জের কার্যকর সমাধান খুঁজতে গবেষণা প্রস্তাব আহ্বান করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। নির্বাচিত প্রতিটি গবেষণা প্রকল্পের জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। আগ্রহী শিক্ষক ও কর্মকর্তাদের আগামী ১৫ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে।
সম্প্রতি নেপ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণাকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচটি নির্ধারিত বিষয়ে গবেষণা প্রস্তাব জমা দেওয়া যাবে। বিষয়গুলো হলো— শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি মৌলিক সাক্ষরতা উন্নয়ন, গণিতের চ্যালেঞ্জিং বিষয়বস্তু উপস্থাপনার কৌশল, পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণের কার্যকারিতা, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রমের সামঞ্জস্য এবং প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রম সহজীকরণ।
এবারের গবেষণা কার্যক্রমে পরীক্ষামূলক গবেষণাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে নেপ। গবেষণা পরিচালনার জন্য একজন টিম লিডারের নেতৃত্বে এক বা একাধিক সহযোগী গবেষক নিয়ে দল গঠন করতে হবে।
গবেষক হিসেবে অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), ইউপিইটিসি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ গবেষণা প্রস্তাব নেপের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। নির্বাচিত গবেষণা প্রকল্পগুলো প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নীতিনির্ধারণ ও বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।