জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাঁদপুর জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) বিকালে উপজেলার বগারচর ইউনিয়নে সারমারা নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন।
জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সারা দেশে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, ‘সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।