রংপুরের গঙ্গাচড়ায় পৃথক দুই স্থানে গলায় ফাঁস দিয়ে দুই যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১৬ মে) ভোরে উপজেলার গঙ্গাচড়া ও মর্ণেয়া ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাচড়া ইউনিয়নের নিউ স্টার পাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে মুরাদ হোসেন (১৯) শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে এশার নামাজ আদায় শেষে নিজ শয়ন ঘরে ঘুমাতে যান।
শনিবার ভোরে ফজরের নামাজের জন্য তার মা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান, ঘরের বাঁশের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় তিনি ঝুলে আছেন। ধারণা করা হচ্ছে, ভোর রাত ৪টা থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে সবার অজান্তে তিনি আত্মহত্যা করেন।
অপরদিকে, মর্ণেয়া ইউনিয়নের আনছারটারী নদীর ধার (মর্ণেয়া) গ্রামের অহির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ওরফে অপি (৩৪) নিজ বসতবাড়ির টিনের ঘরের তীরের সঙ্গে শাড়ির কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, ‘রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর মুরাদ হোসেনের মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি ঘটনাতেই থানায় ইউডি মামলা হয়েছে।