দীর্ঘ দিনের সততা, সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানগুলোর একটি ‘আইজিপি ব্যাজ’ অর্জন করেছেন সিলেট জেলা ডিবির অফিসার ইনচার্জ (প্রশাসন) আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (১৪ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে তাঁকে এ মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত করা হয়।
পুলিশ বাহিনীতে অসামান্য অবদান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রশংসনীয় ভূমিকার জন্য বাংলাদেশ পুলিশ–এর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) তাঁর হাতে তুলে দেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ’।
এই অর্জনের পর আনোয়ার হোসেন গভীর আবেগ প্রকাশ করে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দায়িত্বের প্রতি ভালোবাসা এবং মানুষের জন্য কাজ করার অদম্য ইচ্ছাই তাঁকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, এই সম্মান কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি সিলেট জেলা পুলিশের প্রতিটি সদস্যের পরিশ্রম, সাহস ও আত্মত্যাগের প্রতীক। সিলেট জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনোয়ার হোসেন বলেন, তাঁদের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই কঠিন পথচলায় তাঁকে দৃঢ়তা দিয়েছে।
দেশ ও মানুষের সেবায় নিজেকে আরও বেশি নিবেদিত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার কাছে দোয়া কামনা করেন। তাঁর এই অর্জনে সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি দেখা গেছে।