নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ভর্তি করা হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।
দগ্ধরা হলেন— মো. কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) এবং দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০)।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের সবার অবস্থাই গুরুতর। কালামের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া সায়মার ৬০ শতাংশ, কথা’র ৫২ শতাংশ, মুন্নির ৩৫ শতাংশ এবং মুন্নার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে জানা গেছে, কালাম পেশায় সবজি বিক্রেতা। তিনি পরিবার নিয়ে ওই বাসায় বসবাস করতেন। সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ঘরে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুনের ভেতর থেকে দগ্ধদের উদ্ধার করেন।
ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।