ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন করছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএমের সমর্থন নিয়ে সরকার গঠন করছে তারা।
শুক্রবার (৮ মে) বিকেলে দলগুলো টিভিকেকে সমর্থন জানিয়েছে। এর মধ্য দিয়ে চার দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলা নাটকীয়তার অবসান ঘটেছে।
গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় ১০৮টি আসন। কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। এর মধ্যে বিজয় নিজে লড়েছিলেন দুটি আসনে। ফলে দলের মোট বিধায়ক সংখ্যা ১০৭।
এ পরিস্থিতিতে তামিলনাড়ুতে ৬ দশকের বেশি সময় ধরে আধিপত্য ধরে রাখা দুই দল ডিএমকে ও এআইএডিএমকে নিজেদের মধ্যে বিভেদ ঘুচিয়ে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের আলোচনা শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত থালাপতি বিজয়ই শেষ হাসি হাসছেন। কংগ্রেস আগেই টিভিকেকে নিঃশর্ত সমর্থন জানিয়েছিল। আজ শুক্রবার দুপুরে বিজয়ের সরকার গঠনের প্রচেষ্টাকে সমর্থন জানায় সিপিআই, সিপিএম ও স্থানীয় দল ভিসিকে। তিন দলই দুটি করে আসন জিতেছে। ফলে বিজয়ের পক্ষে ১১৮ জনের সমর্থন নিশ্চিত হয়।
থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন পাওয়ার খবর প্রকাশের পর তাঁর চেন্নাইয়ের বাড়ির সামনে সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। ‘টিভিকে, টিভিকে’ স্লোগানে মুখর করে তোলেন তাঁরা। বিজয় এখন সরকার গঠনের অনুমতির জন্য তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকরের কাছে যাবেন। সেটা আজ সন্ধ্যায়ই হতে পারে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।