চট্টগ্রামের সাতকানিয়ায় শিশুদের জন্য তৈরি আইসক্রিমে ক্ষতিকর কেমিক্যাল ও অস্বাস্থ্যকর রং ব্যবহারের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘নিউ আলিফ’ ও ‘নাহিয়ান আইসবার’ নামের দুটি আইসক্রিম কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের অভিযোগে প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ফ্লেভার, বিষাক্ত কেমিক্যাল ও ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। সেখানে কোনো মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষিত কর্মী বা অনুমোদিত উৎপাদন পদ্ধতির অস্তিত্ব ছিল না।
পরে বিপুল পরিমাণ আইসক্রিম, ফ্লেভার ও রং জব্দ করে ধ্বংস করা হয়।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, শিশুদের জন্য তৈরি খাদ্যে এ ধরনের বিষাক্ত উপাদান ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। শুধুমাত্র লাভের জন্য কিছু অসাধু ব্যবসায়ী মানুষের স্বাস্থ্যের সঙ্গে ঝুঁকিপূর্ণ আচরণ করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন সব খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।