পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৫৮ এএম আপডেট: ০৭.০৫.২০২৬ ১১:১৪ এএম
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামের যশোর রোড সংলগ্ন দোহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি মোটরবাইকে এসে দুষ্কৃতীরা গাড়ি আটকে পরপর গুলি চালায়।
এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চন্দ্রনাথ রথ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরো একজন গুলিবিদ্ধ হয়ে নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি স্করপিও গাড়িতে করে কলকাতা থেকে মধ্যমগ্রামের দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। যশোর রোড সংলগ্ন এলাকায় পৌঁছালে হামলাকারীরা মোটরবাইকে এসে গাড়ি ঘিরে ধরে গুলি চালায়। অভিযোগ, তার বুকে একাধিক গুলি লাগে।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। গুলিবিদ্ধ গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে একাধিক বিজেপি নেতা ও বিধায়ক ঘটনাস্থল এবং হাসপাতালে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮