হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন এখন বড় হুমকির মুখে। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
বর্তমানে ৬টি ইউনিয়নের জনসাধারণ নিয়মিত সেবা নিচ্ছে ওই হাসপাতালে। ৩৩ শয্যার হাসপাতালটি এখন ৫০ শয্যায় উন্নিত করা হয়েছে। প্রতিদিন ৫০-৬০ জন নারী পুরুষ ও শিশু সহ ভর্তি থেকে চিকিৎসা সেবা নিচ্ছে।
সেবা নিতে আসা রোগী ও অভিভাবকরা অভিযোগ করে বলেন, পুরুষ ও নারী ওয়ার্ডের উত্তর পাশে বড় বড় গাছ ভবন ঘেষে বেড়ে উঠায় ঝড় তুফানে গাছ পড়ে ভবন ভেঙে হাসপাতালে অবস্থানরত রোগীরা প্রাণনাশের আশংকার মধ্যে চিকিৎসা নিতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে ওই হাসপাতালটিতে নারী ও পুরুষ ওয়ার্ডের ভবন ঘেষে বড় বড় বিভিন্ন গাছ রয়েছে। আর এই গাছগুলো জীবনের ঝুঁকি হয়ে দাঁড়িয়ে আছে।
খোঁজ নিয়ে জানা যায় ২ বছর পূর্বে একটি অর্জুন গাছ তুফানে পড়ে ওই ভবনের আংশিক ক্ষতি হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে সেবা নিতে আসা রোগীরা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন বলেন, নারী ও পুরুষ ওয়ার্ডের ভবন ঘেষে ও স্বাস্থ্য কমপ্লেক্সে অভ্যন্তরে আবাসিক এলাকায় বিভিন্ন জাতের বড় বড় গাছের জন্য জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছি। বর্তমানে আবহাওয়ার বৈরী আচরণের কারণে গাছগুলো পড়ে যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।
তিনি আরো বলেন, হাসপাতালে ভর্তিরত রোগীরা আতংকে আছে। তবে হাসপাতাল ও আবাসিক এলাকার ভবনগুলো নিরাপদ রাখার স্বার্থে বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বন বিভাগের অনুমতি পেলেই যেসব গাছ হুমকির মুখে আছে সে সব গাছ কাটার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।