সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের সংস্থা UNOPS-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
আজ বুধবার (১ এপ্রিল) সকালে রাজধানীর সচিবালয়ে অবস্থিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিস কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত UNOPS-এর কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের (Sudhir Muralidharan) নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।
বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন জানান, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি হলো ‘ফ্যামিলি কার্ড’ ইউনিভার্সাল সিস্টেম প্রবর্তন করা। এই প্রকল্পের আওতায় দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানকে এই কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে। মন্ত্রী এই কর্মসূচি বাস্তবায়নের বিস্তারিত রূপরেখা তুলে ধরে জানান যে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
মন্ত্রী উল্লেখ করেন, প্রকল্পের প্রাথমিক কার্যক্রম অত্যন্ত সফলভাবে এগিয়ে চলছে এবং এখন পর্যন্ত দেশের ৩৭,৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। কার্ডধারী এই নারীগণ প্রতি মাসে ২৫০০ টাকা করে নিয়মিত আর্থিক সহযোগিতা পাচ্ছেন। মন্ত্রী প্রকল্পের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা সম্পর্কে জানান, আগামী চার বছরের মধ্যে দেশের মোট ৪ কোটি পরিবারের নারী প্রধানকে এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এই কার্ড কেবল একটি আর্থিক সহায়তার মাধ্যম নয়, বরং এটি প্রতিটি পরিবারের নারী প্রধানের জন্য একজন নাগরিক হিসেবে অত্যন্ত সম্মানজনক স্বীকৃতির প্রতীক। এছাড়া, সমাজের দরিদ্র ছেলে ও মেয়েদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘কেয়ারগিভার’ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ওপরও মন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে UNOPS-এর কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে তাদের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি সরকারের এই ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। আলোচনা শেষে, ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও বেগবান করতে এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন UNOPS-এর প্রতিনিধি।