রাজধানীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা রুখে দিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ - ডিএমপির ওয়ারি ডিভিশনের যাত্রাবাড়ী থানা পুলিশের একটি টহল টিমের সাহসিকতায় বড় ধরনের নাশকতার হাত থেকে রক্ষাপেলো রাজধানীবাসী।
খোঁজখবর নিয়ে জানা গেছে, গেলো ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের দিন রাজধানীর যে কোনো স্থানে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল একটি অশুভ গোষ্ঠীর। পরিকল্পনা মাফিক ওই গোষ্ঠীটি রাজধানীতে নিয়ে এসেছিল দুটি শক্তিশালী বোমা।
কিন্তু ২৫ মার্চ বিকেলে যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ে বোমা দুটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি টিম । ফলে নাশকতার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয় অশুভ গোষ্ঠীটি।
অনুসন্ধানে জানা গেছে, যাত্রাবাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাহমুদুল হাসানের (বিপি-৯১১৯২২২২১৩৬০) নেতৃত্বে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি টিম জনপদ মোড় এলাকায় দায়িত্ব পালন করছিল। সে টিমে আরও ছিলেন, এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলাম, কনস্টেবল রঞ্জন কুমার রায়, আনিছুর রহমান, মোবারক আহমেদ ও তৌফিক আহমেদ।
সন্ধ্যা ছয়টার দিকে জনপদ মোড়ে চেকপোস্ট পরিচালনার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে একটি মেরুন রংয়ের ব্যাগ নিয়ে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালের দিকে নামতে দেখেন এস আই মাহমুদুল হাসান।
ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসার জন্য ডাকা হয়। কিন্তু তাৎক্ষণিক ওই ব্যক্তিটি মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে পাকা রাস্তার উপর তার হাতে থাকা ব্যাগটি রেখে দৌড়ে পালিয়ে যায়। তখন মাহমুদুল হাসান তার সঙ্গীদের নিয়ে ব্যক্তিটিকে ধাওয়া দিলেও সে কৌশলে গলি পথে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে দেওয়া ব্যাগে তল্লাশি করে বোমা সদৃশ্য বস্তু দেখতে পান পুলিশের সদস্যরা।
তাৎক্ষণিক ভাবে ফ্লাইওভারের ঢালে পাকা রাস্তার উপর জননিরাপত্তার স্বার্থে স্থানটি কর্ডন করা হয়ে। পরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত বোমা সদৃশ্য বস্তু দুইটি রাত নয়টার দিকে ধলপুরের গোলাপবাগ মাঠে নিষ্ক্রিয় করে।
বোমা দুটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়। ধারণা করা হচ্ছে, অত্যন্ত শক্তিশালী এই বোমা দুটি যদি কোনো ভাবে জনবহুল এলাকায় বিস্ফোরিত হতো তাহলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা ছিল।
এই ঘটনায় মাহমুদুল হাসান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে ভোরের ডাকে মাহমুদুল হাসান বলেন, আমাদের সম্মানিত ওয়ারি ডিভিশনের উপ -পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় ও যাত্রাবাড়ী থানার ওসি স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমরা জনননিরাপত্তায় সব সময় সজাগ ও সতর্ক থাকি। এরই অংশ হিসাবে দায়িত্ব পালন করার সময় আমরা যেকোনো সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করি। ২৫ মার্চ বিকেলে জনপদ মোড়ে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে রয়েছে।