মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও আকাশসীমা বন্ধ থাকার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৮ দিনে মোট ৭৯৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতির সর্বশেষ হিসাব এটি।
শুক্রবার (২৭ মার্চ) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় এখনো নিয়মিত ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে। একই কারণে আজও ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট রয়েছে।
তবে সব ফ্লাইট বন্ধ নেই। সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যের কিছু গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট নির্ধারিত ও পরিচালিত ফ্লাইটের সংখ্যা ছিল ১ হাজার ৫৮টি। এই সময়ে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চলাচল করেছে।
বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে, ২৭ মার্চ মোট ৪৩টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ৬টি, সৌদি আরবগামী ১৭টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২০টি ফ্লাইট রয়েছে। সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাইয়ে ১২টি, আবুধাবিতে ৪টি এবং শারজাহে ৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।