কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প ও তুরস্ক-সমর্থিত মানবিক কার্যক্রম পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরকালে তিনি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম ঘুরে দেখেন।
শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি কক্সবাজারে পৌঁছে সরাসরি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন ক্যাম্পে যান। সেখানে তিনি তুরস্কের অর্থায়নে পরিচালিত অস্থায়ী ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের জীবনযাত্রা ও সমস্যার খোঁজ নেন।
প্রথমে তিনি বালুখালী ৯ নম্বর ক্যাম্পে গিয়ে হাসপাতালের কার্যক্রম পর্যালোচনা করেন। পরে ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে তথ্য নেন।
সফরের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সফরকে কেন্দ্র করে ক্যাম্প এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং পুরো পরিদর্শন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে তুরস্ক বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে চিকিৎসা, খাদ্য ও বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম। হাকান ফিদানের এই সফর রোহিঙ্গাদের প্রতি তুরস্কের অব্যাহত সমর্থনেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।