পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তাঁর শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী।
আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে আয়োজিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে বক্তব্য দেন মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। তাঁর শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। বাংলাদেশের সরকার যা করছে, সংবিধান মেনেই করছে।’
তিনি আরও বলেন, সরকার রাজনৈতিক মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে। সরকার গঠনের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি বলেও দাবি করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, কোনো ভুক্তভোগী নিজের পক্ষে আইনজীবী নিয়োগ করতে না পারলে রাষ্ট্র তার পাশে থাকবে। বিশেষ করে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। সেই অধিকার নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তার পরিধি আরও বাড়ানো হচ্ছে।