পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।
শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। দীর্ঘদিন পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের মানুষ আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতাই কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনের মূল শক্তি। জনগণের সমর্থন থাকলে নির্বাচিত সরকার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দেশ গঠনে এগিয়ে যেতে সক্ষম হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
সবশেষে দেশের সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান প্রধানমন্ত্রী।