কাতার-আমিরাতে ঘাঁটি ও দূতাবাসে তেহরানের হামলা, নিয়ন্ত্রণে হরমুজ

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

2026-03-04T17:24:39+00:00
2026-03-04T17:24:39+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কাতার-আমিরাতে ঘাঁটি ও দূতাবাসে তেহরানের হামলা, নিয়ন্ত্রণে হরমুজ
সংঘাতের পঞ্চম দিন
স্টাফ রিপোর্টার
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:২৪ পিএম 
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। অন্যটি গিয়ে আঘাত হানে আল উদেইদে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে। উদেইদ হলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিবিসির যাচাই করা ছবিতে দেখা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ড্রোন হামলার পর দুবাইয়ে মার্কিন কনস্যুলেট ভবনে আগুন জ্বলছে। কনস্যুলেট থেকে কয়েক মিটার দূরের একটি মোড় থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন গিয়ে ভবনটিতে আঘাত হানছে।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, ভবনের ভেতরে আগুন জ্বলছে এবং আকাশে কালো ধোঁয়া উড়ছে। গত রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেন, একটি ড্রোন কনস্যুলেটের ভবনের পাশের পার্কিং লটে আঘাত করেছে। এদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, দেশটির একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ফলে ১১ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। ওই মুখপাত্র আরও জানান, কিশোরীর মাসহ পরিবারের চার সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেহরানে লক্ষ্যবস্তু নিরাপত্তা দপ্তর
তেহরানজুড়ে নিরাপত্তা সদরদপ্তরগুলোতে হামলার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএএফ)। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় তেহরানে ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর অন্যতম লক্ষ্যবস্তু ছিল ইরানের বিপ্লবী গার্ডসের সঙ্গে সংশ্লিষ্ট আধাসামরিক বাহিনী বাসিজ এর সদরদপ্তর। এ ছাড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল, প্রতিরক্ষা ব্যবস্থা এবং শাসকগোষ্ঠীর সরবরাহ ও লজিস্টিকস অধিদপ্তরেও আঘাত হানা হয়েছে।

দক্ষিণ বৈরুত খালির নির্দেশ: লেবাননের দক্ষিণ বৈরুতের কিছু এলাকায় বসবাসকারীদের অবিলম্বে সরে যেতে জরুরি সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, যেসব ভবনকে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছে, সেগুলো লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে।

আইডিএফের মুখপাত্র আভিখাই আদরাই জানান, হারেত হ্রেইক এলাকায় অবস্থানকারীদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়তে বলা হয়েছে।

হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ : ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা হরমুজ প্রণালির পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিয়েছে। আইআরজিসির নৌ-কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদের বিবৃতির বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বর্তমানে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে আছে।  তবে রয়টার্স জানিয়েছে, একটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরে অপরিশোধিত তেল নিতে পৌঁছেছে। উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের কারণে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার পর এটি একটি বিরল ঘটনা। জাহাজ চলাচলের তথ্য এবং সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, পোলা নামের ট্যাঙ্কারটি ২ মার্চ গভীর রাতে প্রণালির কাছে পৌঁছানোর পর তাদের এআইএস ট্র্যাকার বন্ধ করে দিয়েছিল। মঙ্গলবার সেটিকে আবুধাবির উপকূলে দেখা যায়। বাণিজ্য সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ট্যাঙ্কারটি থাইল্যান্ডের জন্য আবুধাবির ‘মুরবান ক্রুড’ নিতে জেবল ধান্না বন্দরের দিকে যাচ্ছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে হামলার পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার এশীয় শেয়ার বাজারগুলো নতুন করে চাপের মুখে পড়ে। দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক কোস্পি সূচক ১১.৩ শতাংশ পর্যন্ত পড়ে যাওয়ার পর সিউলে লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে এটি কিছুটা ঘুরে দাঁড়িয়ে ৭.৭ শতাংশ পতনে স্থিতিশীল হয়। অন্যদিকে, জাপানের নিক্কেই ২২৫ সূচক টোকিওতে ৩.৯ শতাংশ হ্রাস পেয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: