ইনস্টাগ্রামে নিজের স্টাইলিশ ছবি দিয়ে ভক্তদের নজর কেড়েছিলেন গত বৃহস্পতিবার। অথচ তার মাত্র দুদিন বাদেই চিরতলে হারিয়ে গেলেন ২৫ বছর বয়সী জনপ্রিয় ব্রাজিলিয়ান কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা রদ্রিগেস দা সিলভা। শারীরিক অসুস্থতার কারণে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার এই রহস্যময় অসুস্থতার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে মারিয়াকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যান এই তরুণী।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মারিয়ার দুই ঘনিষ্ঠ বন্ধু লুয়ানা লিলিয়ান ও লিভিয়া। লুয়ানা সামাজিক মাধ্যমে তাকে একজন ‘মনোমুগ্ধকর মানুষ’ হিসেবে অভিহিত করে শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে লিভিয়া জানান, মৃত্যুর মাত্র একদিন আগেও তারা দুজনে স্টুডিওতে কাজ করেছেন এবং নানা ভবিষ্যৎ পরিকল্পনা করেছিলেন। ফলে এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।
মূলত ফ্যাশন ও বিউটি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বিশ্বজুড়ে লাখো অনুসারী রয়েছে মারিয়ার। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রাথমিক প্রতিবেদনে বিষয়টিকে ‘মেডিকেল ইমার্জেন্সি’ বা শারীরিক জরুরি অবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে।
মৃত্যুর মাত্র ৪৮ ঘণ্টা আগে গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক জোড়া নতুন সানগ্লাস পরে পোজ দেওয়া কিছু ছবি শেয়ার করেছিলেন মারিয়া। কে জানত, মুহূর্তেই ভাইরাল হওয়া সেই ছবিগুলোই হবে তার জীবনের শেষ স্মৃতি। তরুণ এই ইনফ্লুয়েন্সারের আকস্মিক প্রয়াণে তার অনুসারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।