দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা দারুণভাবে সামলে নিলেন সাবিনা-কৃষ্ণারা। সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে গতকাল বুধবার ৬-৩ গোলে জিতেছে বাংলাদেশ। চার ম্যাচে তৃতীয় জয়ের পর সাঈদ খোদারাহমির দলের পয়েন্ট হলো ১০।
ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র করেছিল। তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জিতেছিল ৩-০ গোলে। লঙ্কানদের বিপক্ষে দ্বাদশ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। একটু পর ব্যবধান দ্বিগুণও করে শ্রীলঙ্কা।
অষ্টাদশ মিনিটে ম্যাচে ফেরার উপলক্ষ পায় বাংলাদেশ। কৃষ্ণার সঙ্গে দুবার বল দেওয়া নেওয়া করে নিখুঁত শটে গোল করেন সাবিনা খাতুন।
প্রথমার্ধের শেষ মিনিটে বাইলাইনের ওপর থেকে কৃষ্ণার কাটব্যাকে সাবিনার গোলে সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আধিপত্য করা বাংলাদেশ তৃতীয় গোল পায় মাতসুশিমা সুমাইয়ার নৈপুণ্যে। ২৮তম মিনিটে সাবিনার কর্নারে সুমাইয়া বাঁ পায়ের প্লেসিং শটে জাল কাঁপান। ৩৫তম মিনিটে সাবিনার পাসে গেলমুখে আলতো টোকায় কৃষ্ণা রানী সরকার জাল খুঁজে নেন। তিন মিনিট পর সাবিনার ক্রস গোলকিপার ঠেকানোর পর, ফিরতি বল জালে পাঠান মাসুরা পারভীন। শেষ মিনিটে সাবিনার পাসে দারুণ নৈপুণ্যে ষষ্ঠ গোলটি করেন কৃষ্ণা। শেষ বাঁশির আগে আরেকটি গোল শোধ করে শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই প্রতিযোগিতায় আগামীকাল শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশের মেয়েরা। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। শেষ ম্যাচ মালদ্বীপের বিপক্ষে ২৫ জানুয়ারি। থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। গত মঙ্গলবার পুরুষ দল শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। সাফ নারী ও পুরুষ ফুটসালে সাত দেশ অংশগ্রহণ করছে। প্রত্যেকে ছয়টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ পুরুষ দলের সংগ্রহ চার ম্যাচে সাত পয়েন্ট।