

একসময় বাংলাদেশের ক্রিকেটের শক্তি ও নির্ভরতার প্রতীক ছিলেন এই পাঁচজন। ব্যাট হাতে সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ; বল হাতে মাশরাফি—দলকে বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তাঁরা। কখনো জয়ের নায়ক হয়েছেন, কখনো কঠিন সময়ে হাল ধরেছেন। তাঁদের ঘিরেই গড়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেটের একটি স্বর্ণালি সময়ের গল্প। কিন্তু সময়ের নিয়মে সেই পরিচিত মুখগুলো এখন আর জাতীয় দলের নিয়মিত অংশ নন।সবার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন মাশরাফি বিন মুর্তজা। ২০২০ সালে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর আর জাতীয় দলে ফেরা হয়নি তাঁর। এরপর ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম ইকবাল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। একই বছরের সেপ্টেম্বরে টেস্ট এবং অক্টোবরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর কথা জানান মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁর ওয়ানডে ক্যারিয়ারও শেষ হয় ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর।

পাঁচজনের মধ্যে এত দিন আন্তর্জাতিক ক্রিকেটে টিকে ছিলেন শুধু মুশফিক। তবে এবার তিনিও বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের বর্ণাঢ্য অধ্যায় শেষ করতে চান তিনি।

মুশফিকের বিদায়ের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের একটি দীর্ঘ সময়ের পরিচিত অধ্যায়। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিন সংস্করণেই। দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট, ওয়ানডে ও আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি টেস্টে সর্বোচ্চ রানের মালিকও তিনি।

১০৮ টেস্টে ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে মুশফিকের সংগ্রহ ৭ হাজার ৬২ রান। রয়েছে ১৪টি সেঞ্চুরি ও তিনটি ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে গড়েছেন অনন্য বিশ্ব রেকর্ডও।
শুধু ব্যক্তিগত অর্জনেই নয়, অধিনায়ক হিসেবেও বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুশফিক। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন দলকে। তাঁর অধিনায়কত্বে সাতটি টেস্ট জিতেছে বাংলাদেশ, ড্র করেছে নয়টি। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয় এবং পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয় আসে তাঁর নেতৃত্বেই। শ্রীলঙ্কার বিপক্ষে দেশের শততম টেস্টেও অধিনায়ক ছিলেন তিনি।

একসময় এই পাঁচ ক্রিকেটারকে ঘিরেই আবর্তিত হতো বাংলাদেশের ক্রিকেটের অনেক আলোচনা। তাঁদের অভিজ্ঞতা, পারফরম্যান্স ও নেতৃত্ব দলকে দিয়েছে ভিন্ন মাত্রা। তাঁদের হাত ধরেই এসেছে দেশের ক্রিকেটের বেশ কিছু স্মরণীয় সাফল্য। এখন তাঁদের কেউ অবসরে, কেউ জাতীয় দলের বাইরে, আবার কারও আন্তর্জাতিক ভবিষ্যৎ অনিশ্চিত।
যোগীন্দ্রনাথ সরকারের ‘হারাধনের দশটি ছেলে’ ছড়ার মতোই একে একে কমেছে সেই পাঁচ পরিচিত মুখের উপস্থিতি। শেষ পর্যন্ত মুশফিকের বিদায়ের সিদ্ধান্তে পঞ্চপাণ্ডবের কেউই আর জাতীয় দলের আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে থাকছেন না। বাংলাদেশের ক্রিকেটে তাই একটি সময়ের অবসান—হারাধনের পাঁচ ছেলে, রইল না তো কেউ! যাঁদের খেলা দেখে একটি পুরো প্রজন্ম ক্রিকেটের প্রেমে পড়েছে, যাঁদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে নতুন আত্মবিশ্বাস, তাঁদের বিদায়ে শেষ হতে যাচ্ছে একটি স্মরণীয় অধ্যায়।