
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিত্ব ও সতীর্থদের সঙ্গে আচরণেও হামজা তরুণদের জন্য আদর্শ বলে মনে করেন তিনি। সম্প্রতি ‘ন্যাশনাল লিগ অন ডিএজেডএন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়কের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলার।

হামজাকে নিয়ে ফারহান বলেন, ‘দলে হামজার মতো একজনকে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখা যায়। মাঠ এবং মাঠের বাইরে তিনি এক অনুপ্রেরণা।’
আন্তর্জাতিক ফুটবলে নিজের ক্যারিয়ার সবে শুরু করেছেন ফারহান। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে হামজার। অভিজ্ঞ এই মিডফিল্ডারের কাছ থেকে তাই প্রতিনিয়ত শেখার সুযোগ পাচ্ছেন তরুণ ফরোয়ার্ড। বিশেষ করে মাঠে অবস্থান নেওয়া, আক্রমণের জন্য উপযুক্ত জায়গা খুঁজে বের করা এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়ে হামজা তাঁকে পরামর্শ দেন।
এ প্রসঙ্গে ফারহানের ভাষ্য, ‘তিনি সত্যিই দারুণ একজন মানুষ। মাঠে কীভাবে খেলতে হবে, পজিশনিং কেমন হবে কিংবা আমি যা করতে চাই, তার জন্য সঠিক জায়গা কোনটি—সব বিষয়েই তিনি সব সময় আমাকে পরামর্শ দিতে আগ্রহী থাকেন। তাঁর কাছ থেকে শিখতে পারাটা সত্যিই দারুণ।’

শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের গোলের পর হামজার উচ্ছ্বাসেও ফুটে উঠেছিল তরুণ সতীর্থের প্রতি তাঁর ভালোবাসা ও সমর্থন। প্রতিপক্ষের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ফারহানের নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ানোর পর বিস্ময় আর আনন্দে প্রতিক্রিয়া জানান বাংলাদেশ অধিনায়ক। দুই হাত তুলে উচ্ছ্বাস প্রকাশের পর ছুটে গিয়ে ফারহানের কাঁধে হাত রাখেন তিনি। ইশারায় সতীর্থের কৃতিত্বের দিকেও সবার দৃষ্টি আকর্ষণ করেন।
শুধু মাঠেই নয়, ড্রেসিংরুমেও তরুণ ফুটবলারদের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে তুলেছেন হামজা। ফাহমেদুল ইসলাম ও জায়ান আহমেদের মতো তরুণদের সঙ্গেও তাঁর আন্তরিক মুহূর্তগুলো দলের ভেতরে ইতিবাচক পরিবেশ তৈরির ইঙ্গিত দেয়। অভিজ্ঞতা ভাগাভাগি করে নতুনদের আত্মবিশ্বাস বাড়ানোর এই ভূমিকা বাংলাদেশের ফুটবলে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
শ্রীলঙ্কার বিপক্ষে গোলের পর ফারহানকে নিয়ে প্রশংসার পাশাপাশি বিশ্ব ফুটবলের বড় তারকাদের সঙ্গে তুলনাও শুরু হয়। তবে এমন আলোচনায় যেন তরুণ এই ফরোয়ার্ডের ওপর বাড়তি চাপ তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন অভিজ্ঞ ফুটবলার জামাল ভূঁইয়া। তাঁর চাওয়া, তুলনার চাপে না পড়ে ফারহান নিজের স্বাভাবিক খেলাটা খেলুক এবং নিজস্ব পরিচয় তৈরি করুক।