ব্যাটিং বিপর্যয়ে ভারত, ক্রাইস্টচার্চে চালকের আসনে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

খেলা

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় বিপর্যয়ে পড়েছে ভারত। স্বাগতিক নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে

2026-11-28T15:48:11+00:00
2026-11-28T15:48:11+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
খেলা
ব্যাটিং বিপর্যয়ে ভারত, ক্রাইস্টচার্চে চালকের আসনে নিউজিল্যান্ড
অনলাইন ডেস্ক
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম 
ব্যাটিং বিপর্যয়ে ভারত, ক্রাইস্টচার্চে চালকের আসনে নিউজিল্যান্ড
ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় বিপর্যয়ে পড়েছে ভারত। স্বাগতিক নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১১৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। এখনো ২৪০ রানে পিছিয়ে শুভমান গিলের দল। ফলো-অন এড়াতে বাকি চার উইকেট নিয়ে আরও ৪০ রান করতে হবে ভারতকে।

ওয়েলিংটনে রানের বন্যা বইয়ে দেওয়া ভারতীয় ব্যাটসম্যানরা ক্রাইস্টচার্চে এসে যেন পথ হারিয়েছেন। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। কিউই বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে বড় কোনো জুটি গড়তে পারেননি ভারতের ব্যাটাররা।

প্রথম ওভারেই ম্যাট হেনরির দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন যশস্বী জয়সওয়াল। অফ স্টাম্পের বাইরে বল রেখে কয়েকটি ডেলিভারিতে তাঁকে অস্বস্তিতে ফেলার পর ভেতরের দিকে সোজা হয়ে আসা বলে পরাস্ত করেন হেনরি। তখনো রানের খাতা খোলেনি ভারত।

এরপর কেএল রাহুল ও দেবদত্ত পাডিক্কল ৩৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে সেই জুটি ভাঙেন কাইল জেমিসন। অফ স্টাম্পের বাইরের ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দেন পাডিক্কল। ২১ রান করে ফেরেন তিনি। ৩৩ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক শুভমান গিলও। জেমিসনের শর্ট বলের পর একটু ফুল লেংথের ডেলিভারিতে ব্যাট চালাতে গিয়ে স্লিপে টম লাথামের হাতে ধরা পড়েন ১৭ রান করা গিল। চা-বিরতির ঠিক আগে ৫৯ রানে তিন উইকেট হারায় সফরকারীরা।

বিরতির পরও ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। আগ্রাসী শট খেলতে গিয়ে জেকব ডাফির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ঋষভ পন্ত। ২৩ রান করে ফেরেন তিনি। এরপর ডাফির অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন ২৫ রান করা রাহুল। দিনের শেষ দিকে আউট হন ওয়াশিংটন সুন্দরও। ফলে ১১৬ রানেই ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল জেকব ডাফি। ২১ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। কাইল জেমিসনের শিকারও দুটি, খরচ করেছেন ৩৩ রান। ম্যাট হেনরি ও নাথান স্মিথ একটি করে উইকেট পেয়েছেন।

এর আগে দিনের শুরুতে ৫ উইকেটে ২৪৬ রান নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রথম দিন থেকে অপরাজিত থাকা টম ব্লান্ডেল শেষ পর্যন্ত ৮৯ রান করে আউট হন। অন্য অপরাজিত ব্যাটার গ্লেন ফিলিপস দিনের দ্বিতীয় ওভারেই অনশুল কম্বোজের বলে ফিরে যান ৩৬ রান করে। নাথান স্মিথ করেন ২৬ রান। কাইল জেমিসন ও ম্যাট হেনরি যোগ করেন ১৯ রান করে। জেকব ডাফি অপরাজিত থাকেন ২ রানে।

ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার আকাশ দীপ। ৯৯ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তবে ২৬ ওভার বল করেও কোনো উইকেট পাননি জসপ্রীত বুমরাহ। টেস্টের কোনো ইনিংসে উইকেটশূন্য থাকার ঘটনা তাঁর ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: