‘বিশ্বকাপ জয়ের মতো শক্তি নেই ব্রাজিলের’

স্পোর্টস ডেস্ক

খেলা

একসময় বিশ্ব ফুটবলে অপ্রতিরোধ্য শক্তির নাম ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি ফুটবলীয় সৌন্দর্য, সৃজনশীলতা আর ব্যক্তিগত নৈপুণ্যে মুগ্ধ করেছে প্রজন্মের

2026-11-28T16:35:35+00:00
2026-11-28T16:35:35+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
খেলা
‘বিশ্বকাপ জয়ের মতো শক্তি নেই ব্রাজিলের’
স্পোর্টস ডেস্ক
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম 
সংগৃহীত ছবি

একসময় বিশ্ব ফুটবলে অপ্রতিরোধ্য শক্তির নাম ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি ফুটবলীয় সৌন্দর্য, সৃজনশীলতা আর ব্যক্তিগত নৈপুণ্যে মুগ্ধ করেছে প্রজন্মের পর প্রজন্মকে। কিন্তু সেই ব্রাজিল এখন নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলেছে। বর্তমান দলটির বিশ্বকাপ জয়ের মতো সামর্থ্য নেই, এমনই হতাশাজনক মূল্যায়ন করেছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।

রোনালদোর মতে, ব্রাজিল এখন আর নিজেদের স্বাভাবিক ফুটবলশৈলীতে খেলতে পারছে না। ইউরোপীয় ফুটবলের অনুকরণ করতে গিয়ে হারিয়ে ফেলছে সহজাত সৃজনশীলতা ও ব্যক্তিগত নৈপুণ্য। শুধু খেলার ধরনেই নয়, দলীয় ঐক্য ও সংহতির অভাবও ভোগাচ্ছে সেলেসাওদের।

একসময় ব্রাজিলের ফুটবল মানেই ছিল দুর্দান্ত ড্রিবলিং, চোখধাঁধানো পাস, আক্রমণাত্মক ফুটবল আর দৃষ্টিনন্দন গোল। পেলে, গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদিনহো থেকে শুরু করে রোনালদো নাজারিও—প্রতিটি প্রজন্মেই বিশ্ব ফুটবলকে নতুন করে মুগ্ধ করেছেন ব্রাজিলের তারকারা। সাম্প্রতিক সময়ে নেইমারও সেই ঐতিহ্যের অন্যতম প্রতিনিধি হয়ে উঠেছিলেন।

কিন্তু সময়ের সঙ্গে ব্রাজিলের সেই চেনা বৈশিষ্ট্য অনেকটাই ম্লান হয়েছে বলে মনে করেন সাবেক এই স্ট্রাইকার। ইউরোপের দলগুলো শারীরিক সক্ষমতা, গতি, কৌশলগত শৃঙ্খলা ও দলীয় বোঝাপড়ায় এগিয়ে গেলেও ব্রাজিল নিজেদের শক্তির জায়গা ধরে রাখতে পারেনি।

এ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভার ওপর আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরও শক্তিশালী, দ্রুতগতির, গোছানো এবং ভালো ফুটবল খেলছে।’

১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপা জেতে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এখনো বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল তারা। তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি সেলেসাওরা। দীর্ঘ এই শিরোপাখরা দলটির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমর্থকদের হতাশাও বাড়িয়েছে।

রোনালদোর উদ্বেগের আরেকটি বড় জায়গা দলের অভ্যন্তরীণ ঐক্য। তার মতে, ব্যক্তিগতভাবে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই ব্রাজিলের। কিন্তু সেই প্রতিভাকে সম্মিলিত শক্তিতে রূপ দেওয়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এ জায়গায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আর্জেন্টিনার লড়াকু মানসিকতা, পারস্পরিক বোঝাপড়া ও দলীয় সংহতি ব্রাজিলের জন্য অনুসরণীয় হতে পারে বলে মনে করেন সাবেক এই বিশ্বকাপজয়ী তারকা।

বর্তমান দল নিয়ে নিজের হতাশা প্রকাশ করে রোনালদো বলেন, ‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। আমাদের দল যথেষ্ট শক্তিশালী নয়, আমরা ঐক্যবদ্ধও নই।’

তার এই মন্তব্য ব্রাজিলের ফুটবলীয় ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত প্রতিভা থাকা সত্ত্বেও কেন দল হিসেবে প্রত্যাশিত সাফল্য আসছে না, সেই প্রশ্নই সামনে এসেছে। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের বড় চ্যালেঞ্জ হবে আধুনিক ফুটবলের গতি, শারীরিক সক্ষমতা ও কৌশলগত শৃঙ্খলার সঙ্গে নিজেদের ঐতিহ্যবাহী সৃজনশীলতার সমন্বয় ঘটানো।

বিশ্ব ফুটবলে একসময় যে ব্রাজিল ছিল সৌন্দর্য ও সাফল্যের প্রতীক, তাদের সেই হারানো পরিচয় ফিরে পাওয়াই এখন সবচেয়ে বড় পরীক্ষা।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: