সনদনির্ভর শিক্ষা নয়, কর্মদক্ষতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উচ্চশিক্ষাকে সময়োপযোগী ও কর্মসংস্থানমুখী করতে প্রচলিত শিক্ষাকাঠামোয় পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের

2026-11-28T15:55:20+00:00
2026-11-28T15:55:20+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
সনদনির্ভর শিক্ষা নয়, কর্মদক্ষতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম 
সনদনির্ভর শিক্ষা নয়, কর্মদক্ষতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
উচ্চশিক্ষাকে সময়োপযোগী ও কর্মসংস্থানমুখী করতে প্রচলিত শিক্ষাকাঠামোয় পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক ও কারিগরি দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগ জোরদার, ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কর্মসূচি সম্প্রসারণ এবং একাধিক ভাষা শেখার সুযোগ তৈরির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩০০-এর বেশি কলেজের অধ্যক্ষরা অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু সনদধারী মানুষের সংখ্যা বাড়িয়ে বেকারত্ব দূর করা যাবে না। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রে প্রয়োগের উপযোগী দক্ষতায় রূপ দিতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলা জরুরি।

অধ্যক্ষদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, একটি কলেজের অধ্যক্ষের কাজ শুধু প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধ নয়। তিনি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন, নৈতিক দিকনির্দেশনা দেন এবং একাডেমিক কার্যক্রমের চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখেন। নতুন প্রজন্মের ভবিষ্যৎ গঠনে অধ্যক্ষদের যোগ্যতা, প্রজ্ঞা, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ও দূরদর্শিতা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শহর ও গ্রামের মানুষের কাছে উচ্চশিক্ষার সুযোগ পৌঁছে দিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। তবে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সবাইকে সঙ্গে নিয়ে এ ব্যবস্থার পুনর্গঠন করতে হবে। শিক্ষাকে আধুনিক ও সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকার বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। এসব পরিবর্তন কার্যকর করতে কলেজের অধ্যক্ষদের নেতৃত্ব দিতে হবে।

প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষক প্রশিক্ষণের তাগিদ

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী। প্রচলিত শিক্ষকনির্ভর পাঠদান পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষা চালুর পরামর্শ দেন তিনি। এ ক্ষেত্রে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তিনি।

তারেক রহমান সতর্ক করে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদধারীর সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি দক্ষতার ঘাটতি শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্বের অন্যতম কারণ।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বিশ্বের অর্ধেক মানুষ এখনো তৃতীয় শিল্পবিপ্লবের সুযোগ-সুবিধা পুরোপুরি পায়নি। এরই মধ্যে বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। তাই উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুরোনো শিক্ষাধারা থেকে বেরিয়ে প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষতাভিত্তিক কর্মমুখী শিক্ষা চালু করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা ও পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ভবিষ্যতের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আনছে বলে উল্লেখ করেন তিনি। এসব প্রযুক্তির কারণে কিছু প্রচলিত পেশার চাহিদা কমছে, আবার নতুন কর্মক্ষেত্রও তৈরি হচ্ছে।

প্রধানমন্ত্রীর মতে, শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানকে চাকরি ও পেশাগত জীবনের প্রয়োজনীয় দক্ষতায় রূপ দিতে হবে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন অপরিহার্য।

শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দেড় হাজারের বেশি সমঝোতা

শিক্ষা ও শিল্পখাতের সমন্বয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্পপ্রতিষ্ঠান সেই জ্ঞানকে বাস্তব কাজের দক্ষতায় রূপ দেওয়ার সুযোগ করে দেবে। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতের উদ্ভাবক, উদ্যোক্তা ও অর্থনৈতিক অগ্রগতির অংশীদার হয়ে উঠতে পারবেন।

তিনি জানান, উচ্চশিক্ষাকে কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে শিক্ষানবিশ কর্মসূচি, ইন্টার্নশিপ ও শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দেড় হাজারের বেশি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে।

অধ্যক্ষ সম্মিলনে শিল্পোদ্যোক্তা ও চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিকে এসব উদ্যোগের বাস্তব প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি, প্রযুক্তির বিকাশ এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এ জন্য শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের অতিথি শিক্ষক হিসেবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে অধ্যক্ষ ও উপাচার্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ও বাস্তব কর্মপরিবেশে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে শিল্পোদ্যোক্তাদেরও এগিয়ে আসতে বলেন।

তিনি বলেন, শিক্ষাজীবনেই কাজের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেলে শিক্ষার্থীরা স্নাতক শেষ করে শুধু চাকরির অপেক্ষায় থাকবেন না। নিজেদের উদ্যোগে ব্যবসা বা প্রতিষ্ঠান গড়ে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।

বহুভাষা শিক্ষা ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ে গুরুত্ব

প্রযুক্তি ও পেশাগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক জ্ঞান ও মূল্যবোধ বিকাশের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, নৈতিকতাসম্পন্ন কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। তবে শিক্ষার উদ্দেশ্য কেবল চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।

সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের কথা বলেন তিনি।

আন্তর্জাতিক যোগাযোগ ও কর্মক্ষেত্রে সুযোগ বাড়াতে ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান ও ইতালীয়সহ বিভিন্ন ভাষা শেখার ব্যবস্থা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ভাষা ক্লাব ও উদ্যোক্তা তৈরির কার্যক্রম সম্প্রসারণের তাগিদ দেন তিনি।

শিক্ষকসংকট নিরসনে পদক্ষেপের আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শিক্ষকসংকট চিহ্নিত করার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, শূন্যপদ পূরণ, প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ জরুরি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

কলেজে সৌরবিদ্যুৎ স্থাপনের আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে উৎসাহ দিচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ যেসব কলেজের ছাদ সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী, সেসব প্রতিষ্ঠানে এ ব্যবস্থা চালুর উদ্যোগ নিতে হবে।

পাশাপাশি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি বন্ধের তাগিদ

কলেজের পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিস্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের বাইরে রাখতে হবে।

গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতাদর্শ ও বিশ্বাসের ভিন্নতা থাকবে। তবে সেই মতপার্থক্য যেন পাঠদান, শিক্ষার পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা কিংবা শিক্ষার্থীদের নিরাপত্তায় বিঘ্ন না ঘটায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠীর এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যা জ্ঞান ও গুণে সমৃদ্ধ, কর্মক্ষেত্রে আত্মনির্ভরশীল, মানবিক মূল্যবোধে উন্নত এবং আন্তর্জাতিক পরিসরে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ উদ্যোগের সাফল্য কামনা করেন তিনি। সম্মেলনে উপস্থিত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: