থার্ড টার্মিনাল চালুর পথে বড় অগ্রগতি, জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সোমবার

জাতীয়

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া এগোচ্ছে। টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করতে

2026-11-28T10:59:26+00:00
2026-11-28T10:59:26+00:00
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
থার্ড টার্মিনাল চালুর পথে বড় অগ্রগতি, জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সোমবার
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম 
থার্ড টার্মিনাল চালুর পথে বড় অগ্রগতি, জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সোমবার
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া এগোচ্ছে। টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী সোমবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর হবে। টার্মিনালটি আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, চুক্তি স্বাক্ষরের আগে আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির বিভিন্ন দিক তুলে ধরবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরদিন সন্ধ্যা ৭টায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।

গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তগুলো পর্যালোচনার পর অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

তবে জাপানি কনসোর্টিয়ামের কয়েকটি শর্ত নিয়ে আগে থেকেই আপত্তি ও বিতর্ক ছিল। বিশেষ করে তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর নতুন কোনো বেসামরিক বিমানবন্দর চালু না করার শর্ত নিয়ে প্রশ্ন ওঠে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও এসব শর্ত নিয়ে আলোচনা হয়। কমিটির সদস্যরা প্রশ্ন তোলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখলে সেগুলোর অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক অপারেটরের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার উদাহরণও আলোচনায় আসে।

চুক্তির আর্থিক কাঠামো নিয়েও আগে বিতর্ক তৈরি হয়েছিল। প্রাথমিক সমঝোতা অনুযায়ী, বাংলাদেশের রাজস্বের অংশ ২৭ শতাংশ নির্ধারণের কথা রয়েছে। তবে আংশিক কার্যক্রম (ওপিসিডি) থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় (সিএমডি) যাওয়ার মধ্যবর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার শর্ত নিয়ে আপত্তি ওঠে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম ও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মাশুল পরিশোধের পদ্ধতি নিয়েও আলোচনা হয়।

তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তী সময়ে সংশোধন ও অতিরিক্ত কাজ যুক্ত হওয়ায় প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকায় দাঁড়ায়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির সফট উদ্বোধন করা হয়। তবে পরিচালনা-সংক্রান্ত চুক্তি চূড়ান্ত না হওয়ায় এত দিন এটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।

প্রায় দুই লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনালে আধুনিক যাত্রীসেবা ও লাগেজ ব্যবস্থাপনার নানা সুবিধা রাখা হয়েছে। প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বর্তমানে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। তৃতীয় টার্মিনাল যুক্ত হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রীসেবা সক্ষমতা দুই কোটিতে উন্নীত হওয়ার কথা। নতুন টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিং করা যাবে।

যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনায় থাকবে ১৬টি নিয়মিত ব্যাগেজ বেল্ট এবং অতিরিক্ত ওজনের লাগেজের জন্য চারটি পৃথক বেল্ট। এ ছাড়া রেগুলার ব্যাগেজ স্টোরেজ, হারানো লাগেজ সংরক্ষণ এবং অতিরিক্ত আকারের লাগেজ ব্যবস্থাপনার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে।

যাত্রীদের সুবিধায় থাকছে ১০টি সেলফ চেক-ইন কিয়স্ক ও ১০০টি চেক-ইন কাউন্টার। কিয়স্কে পাসপোর্ট ও টিকিটের তথ্য দিলে স্বয়ংক্রিয়ভাবে বোর্ডিং পাস ও আসন নম্বর পাওয়া যাবে। নির্ধারিত স্থানে লাগেজ জমা দিলে স্বয়ংক্রিয় ব্যবস্থায় তা উড়োজাহাজে পাঠানো হবে। তবে ৩০ কেজির বেশি ওজনের ব্যাগ নিয়ে এই ব্যবস্থায় চেক-ইন করা যাবে না।

এ ছাড়া টার্মিনালে থাকবে বেবি কেয়ার লাউঞ্জ, ব্রেস্টফিডিং বুথ, ডায়াপার পরিবর্তনের জায়গা, ফ্যামিলি বাথরুম এবং শিশুদের জন্য খেলার স্থান। স্বাস্থ্য পরীক্ষার কক্ষ, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, রোগ পরীক্ষার ব্যবস্থা ও আইসোলেশন এরিয়াও তৈরি করা হয়েছে। যাত্রীদের চলাচলের সুবিধায় স্থাপন করা হয়েছে স্ট্রেইট এক্সেলেটর। পাশাপাশি মুভি লাউঞ্জ ও এয়ারলাইনস লাউঞ্জ তৈরির কাজও চলছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: