
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তোষ কাটেনি সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে। ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
শ্রমিক অসন্তোষের প্রভাবে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন এবং পরিস্থিতি বিবেচনায় আরও ৯টি কারখানায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে ৪১টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে হেমায়েতপুর এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা যথাসময়ে কাজে যোগ দেন। তবে সকাল পৌনে ৯টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন। পরে তাঁরা হেমায়েতপুর-সিঙ্গার সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের সচল কারখানাগুলোতে গিয়ে অন্য শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। কয়েকটি কারখানার বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগও উঠেছে।
একপর্যায়ে শ্রমিকেরা হেমায়েতপুরের বাগবাড়ি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিকেরা সড়ক ছাড়তে রাজি না হলে তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের কারণে বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ৪১টি কারখানায় স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়েছে।
তিনি বলেন, এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মজুরি বৃদ্ধির দাবিতে ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আরও ৯টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বাগবাড়ি মোড়, হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে এলাকায় টহলও জোরদার করা হয়েছে।