
বোর্ড সূত্রে জানা যায়, চারটি গ্রেডের মধ্যে প্রথম তিনটির মজুরি মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সম্মতিতে নির্ধারিত হয়েছে। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। শ্রমিকপক্ষের প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষ ১৬ হাজার টাকা নির্ধারণের পক্ষে অবস্থান নেয়। দীর্ঘ আলোচনা করেও বিরোধের নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে চতুর্থ গ্রেডের মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে দ্রুততম সময়ে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
নতুন মজুরি কাঠামোতে চারটি গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের মজুরির ব্যবধান দাঁড়িয়েছে ৪ হাজার ৫০০ টাকা।
নতুন কাঠামোয় বেতন সমন্বয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের সময় শ্রমিকদের ন্যূনতম দুই হাজার টাকা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে নির্ধারিত নিম্নতম মজুরির চেয়ে বেশি বেতন পান, এমন শ্রমিকদের ক্ষেত্রেও অন্তত দুই হাজার টাকা সমন্বয় করা হবে। এতে শুধু সর্বনিম্ন গ্রেড নয়, বিভিন্ন গ্রেডে কর্মরত শ্রমিকেরাও নতুন মজুরি কাঠামোর সুবিধা পাবেন বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।
এ ছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেনটিস শ্রমিকদের মজুরি এবং বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টিও খসড়া সুপারিশে অন্তর্ভুক্ত করা হবে। এ ক্ষেত্রে কারিগরি দিক ও সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের আগে গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। গেজেটে গ্রেডভিত্তিক বেতন, মজুরি সমন্বয় এবং কার্যকরের তারিখ উল্লেখ থাকবে। এরপর কারখানাগুলোকে নির্ধারিত কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
বোর্ডের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন। নিরপেক্ষ সদস্য ছিলেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।