গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তোষ কাটেনি গাজীপুরের পোশাক কারখানাগুলোতে। নতুন মজুরি কাঠামো নিয়ে আপত্তি তুলে বুধবার

2026-11-25T12:45:31+00:00
2026-11-25T12:45:31+00:00
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
জাতীয়
মজুরি নিয়ে অসন্তোষ
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম 
সংগৃহীত ছবি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তোষ কাটেনি গাজীপুরের পোশাক কারখানাগুলোতে। নতুন মজুরি কাঠামো নিয়ে আপত্তি তুলে বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকেরা। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধ সৃষ্টি হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোড়, সালনা, চান্দনা চৌরাস্তা ও বোর্ডবাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়ক ও মহাসড়কে অবস্থান নেন। চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস, বোর্ডবাজারের সাইনবোর্ড, নাওজোড় এবং ভাওয়াল মির্জাপুর-মাস্টারবাড়ি এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

গাজীপুর সদর উপজেলার মালেকের বাড়ি এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ সবচেয়ে তীব্র আকার ধারণ করে। সেখানে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন বলে ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা জানিয়েছেন।

এদিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের কাঞ্জানুল এলাকার কোয়াট্রো ফ্যাশন, লায়লা গার্মেন্টস ও রাগাডি ফ্যাশনসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরাও বিক্ষোভে যোগ দেন। রাজেন্দ্রপুরের বাংলাবাজার ও আশপাশের কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বাংলাবাজার-ভাওয়াল মির্জাপুর এবং মাস্টারবাড়ি-ভাওয়াল মির্জাপুর আঞ্চলিক সড়কেও অবস্থান নেন। এতে আঞ্চলিক সড়কগুলোতেও যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া এক অপারেটর বলেন, নতুন মজুরি কাঠামোয় অপারেটরদের বেতন প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের বেতন বাড়ানোর দাবি জানান তিনি।

শ্রমিকদের অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ভাওয়াল মির্জাপুর কলেজের প্রভাষক কৃত্তি বাবু জানান, উত্তরা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের অবরোধে আটকে পড়েন তিনি। পরে বিকল্প পথে যাওয়ার চেষ্টা করেও যানজটে পড়েন। ফলে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস, নাওজোড়, সাইনবোর্ড ও সালনাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে সড়কে অবস্থান নেন। তাঁরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন।

তিনি বলেন, যান চলাচল স্বাভাবিক রাখা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। প্রয়োজন অনুযায়ী কোথাও কোথাও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হচ্ছে।

উল্লেখ্য, বুধবার ভোরে নিম্নতম মজুরি বোর্ডের সভায় পোশাকশ্রমিকদের চারটি গ্রেডের মধ্যে সর্বনিম্ন গ্রেডের মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন এ প্রস্তাবের পক্ষে ভোট দেন। তবে নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও শ্রমিকদের একাংশের অসন্তোষ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: