সকালের নাশতায় চা-বিস্কুট, এক মাসে শরীরে কী প্রভাব পড়তে পারে?

লাইফস্টাইল ডেস্ক

জীবনযাপন

সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম চা, সঙ্গে কয়েকটি বিস্কুট—অনেকের দিনের শুরু হয় এভাবেই। ব্যস্ততার কারণে কেউ কেউ এটিকেই

2026-11-24T11:23:27+00:00
2026-11-24T11:29:50+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জীবনযাপন
সকালের নাশতায় চা-বিস্কুট, এক মাসে শরীরে কী প্রভাব পড়তে পারে?
লাইফস্টাইল ডেস্ক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:২৩ এএম  আপডেট: ২৪.১১.২০২৬ ১১:২৯ এএম
সকালের নাশতায় চা-বিস্কুট, এক মাসে শরীরে কী প্রভাব পড়তে পারে?
সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম চা, সঙ্গে কয়েকটি বিস্কুট—অনেকের দিনের শুরু হয় এভাবেই। ব্যস্ততার কারণে কেউ কেউ এটিকেই সকালের নাশতা হিসেবে বেছে নেন। অভ্যাসটি সহজ ও পরিচিত হলেও প্রতিদিন পুষ্টিকর খাবারের বদলে শুধু চা-বিস্কুট খেলে শরীরে কী প্রভাব পড়ে, তা নিয়ে ভাবা জরুরি।

পুষ্টিবিদদের মতে, মাঝেমধ্যে চা-বিস্কুট খাওয়ায় বড় কোনো সমস্যা নেই। তবে প্রতিদিন সকালের পূর্ণাঙ্গ নাশতার বিকল্প হিসেবে এটি যথেষ্ট নয়। কারণ, বাজারের অধিকাংশ বিস্কুটে পরিশোধিত ময়দা, চিনি ও চর্বি থাকে। চায়ে বাড়তি চিনি মেশালে শর্করার পরিমাণ আরও বেড়ে যায়। বিপরীতে শরীরের প্রয়োজনীয় প্রোটিন, আঁশ, ভিটামিন ও খনিজ উপাদান খুব কমই পাওয়া যায়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে পুষ্টিবিদ ও ডায়াবেটিস শিক্ষাবিদ কানিক্কা মালহোত্রা জানিয়েছেন, নিয়মিত চা-বিস্কুট দিয়ে দিন শুরু করলে রক্তে শর্করার ওঠানামা, ক্ষুধা এবং বিপাকীয় স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এক মাস ধরে এমন অভ্যাস চালিয়ে গেলে কয়েকটি পরিবর্তন দেখা দিতে পারে।

রক্তে শর্করার ওঠানামা

চিনি দেওয়া চা ও বিস্কুটে থাকা পরিশোধিত ময়দা দ্রুত হজম হয়ে গ্লুকোজে পরিণত হয়। ফলে খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে। এ অবস্থায় শর্করা নিয়ন্ত্রণে শরীর থেকে ইনসুলিন নিঃসৃত হয়।

পুষ্টিবিদ মালহোত্রার মতে, নিয়মিত এ ধরনের খাবার খেলে রক্তে শর্করার মাত্রায় বারবার ওঠানামা হতে পারে। খাওয়ার কিছুক্ষণ পরই আবার ক্ষুধা লাগতে পারে। কারও ক্ষেত্রে ক্লান্তি, বিরক্তি কিংবা ঝিমুনি ভাবও দেখা দেয়। ফলে দুপুরের খাবারের আগেই বাড়তি বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা তৈরি হতে পারে।

পুষ্টির ঘাটতি ও হজমের সমস্যা

চা-বিস্কুটে সাময়িকভাবে পেট ভরলেও শরীরের প্রয়োজনীয় পুষ্টি মেলে না। অধিকাংশ প্যাকেটজাত বিস্কুটে প্রোটিন ও আঁশের পরিমাণ কম। অথচ পেশির গঠন ও রক্ষণাবেক্ষণ, দীর্ঘক্ষণ পেট ভরা রাখা এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রোটিন গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, আঁশের অভাবে হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা বাড়তে পারে। চায়ে থাকা ট্যানিন খাবার থেকে আয়রন শোষণে বাধা দিতে পারে। যাঁদের শরীরে আগে থেকেই আয়রনের ঘাটতি রয়েছে, তাঁদের এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার কারণে দুর্বলতা ও ক্লান্তিও দেখা দিতে পারে।

ওজন ও কোলেস্টেরলে প্রভাব

কয়েকটি বিস্কুট খাওয়াকে অনেকেই তেমন গুরুত্ব দেন না। কিন্তু প্রতিদিন মিষ্টি চা ও চর্বি-চিনিযুক্ত বিস্কুট খেলে বাড়তি ক্যালরি গ্রহণের পরিমাণ বেড়ে যেতে পারে। দীর্ঘদিন এমন অভ্যাস চললে ওজন বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়।

পুষ্টিবিদ মালহোত্রার মতে, এ ধরনের খাদ্যাভ্যাস রক্তে কোলেস্টেরলের মাত্রা ও বিপাকীয় স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ছাড়া খালি পেটে শুধু চা পান করলে কারও কারও অম্লতা বা অ্যাসিডিটির অস্বস্তি হতে পারে। তবে এসব প্রভাব সবার ক্ষেত্রে এক রকম নয়। খাবারের পরিমাণ, সামগ্রিক খাদ্যাভ্যাস, শারীরিক অবস্থা ও দৈনন্দিন পরিশ্রমের ওপর এর প্রভাব নির্ভর করে।

চা-বিস্কুটের বদলে কী খাবেন?

চা খাওয়ার অভ্যাস পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং চায়ে চিনির পরিমাণ কমানো বা চিনি ছাড়াই পান করার চেষ্টা করা যেতে পারে। স্বাদ বাড়াতে আদা, এলাচ কিংবা দারুচিনি ব্যবহার করা যায়।

বিস্কুটের পরিবর্তে সকালের নাশতায় রাখা যেতে পারে ভেজানো কাঠবাদাম, সেদ্ধ ডিম, ঘরে তৈরি ভাজা মাখানা কিংবা বেসনের চিলা। শসা ও গাজরের মতো সবজিও ভালো বিকল্প। সময় কম থাকলে কলা বা পেয়ারা খাওয়া যেতে পারে।

তবে শুধু একটি খাবারের ওপর নির্ভর না করে নাশতায় প্রোটিন, আঁশ ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সমন্বয় রাখা জরুরি। এতে দীর্ঘক্ষণ পেট ভরা থাকবে এবং শরীরও প্রয়োজনীয় পুষ্টি পাবে।

অর্থাৎ, এক মাস চা-বিস্কুট খেলেই সবার শরীরে নির্দিষ্ট কোনো পরিবর্তন হবে—এমন নয়। তবে প্রতিদিনের নাশতায় পুষ্টির ভারসাম্য না থাকলে দীর্ঘমেয়াদে তার প্রভাব পড়তে পারে। তাই সকালের খাবারে বৈচিত্র্য ও পুষ্টির দিকে নজর দেওয়াই ভালো।


Loading...
Loading...

জীবনযাপন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: