ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৮ সবজি, রান্নার সঠিক পদ্ধতি জানুন

লাইফ স্টাইল ডেস্ক

জীবনযাপন

ক্যানসার প্রতিরোধ বা নিরাময়ে কোনো একটি খাবারই যথেষ্ট নয়। তবে সুষম ও উদ্ভিদনির্ভর খাদ্যাভ্যাস ক্যানসারের সামগ্রিক ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে

2026-11-21T11:25:46+00:00
2026-11-21T11:25:46+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
জীবনযাপন
ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৮ সবজি, রান্নার সঠিক পদ্ধতি জানুন
লাইফ স্টাইল ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এএম 
ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৮ সবজি, রান্নার সঠিক পদ্ধতি জানুন
ক্যানসার প্রতিরোধ বা নিরাময়ে কোনো একটি খাবারই যথেষ্ট নয়। তবে সুষম ও উদ্ভিদনির্ভর খাদ্যাভ্যাস ক্যানসারের সামগ্রিক ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে। শাকসবজি শরীরে প্রয়োজনীয় আঁশ, ভিটামিন ও বিভিন্ন উদ্ভিজ্জ রাসায়নিক উপাদান সরবরাহ করে। পাশাপাশি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতেও সহায়তা করে।

‘নিউট্রিশন জার্নাল’-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাসের মাধ্যমে সব ধরনের ক্যানসারের ৩০ থেকে ৪০ শতাংশ প্রতিরোধ করা সম্ভব। অন্যদিকে, ভারতের হায়দরাবাদের ক্যানসার সার্জন চিকিৎসক অর্জুন শঙ্করন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত আটটি সবজির কথা তুলে ধরেছেন। পাশাপাশি জানিয়েছেন, এসব সবজি কীভাবে রান্না করলে পুষ্টিগুণ বেশি পাওয়া যেতে পারে।

চিকিৎসক শঙ্করনের মতে, অনেকেই উপকারী সবজি রান্নার সময় এমন কিছু পদ্ধতি অনুসরণ করেন, যাতে সেগুলোর গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়।

ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত ৮ সবজি

১. রসুন

রসুন খাওয়ার সঙ্গে পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেছে। এর উপকারী উপাদান ধরে রাখতে রসুন কুচি বা থেঁতো করে প্রায় ১০ মিনিট রেখে দেওয়ার পর রান্নায় ব্যবহার করা যেতে পারে। রান্নার একেবারে শেষ পর্যায়ে রসুন যোগ করাও ভালো। এ ছাড়া থেঁতো কাঁচা রসুন রায়তা বা দইয়ের সালাদে মিশিয়ে খাওয়া যায়। দীর্ঘ সময় রান্না করলে রসুনের কিছু কার্যকর উপাদান কমে যেতে পারে।

২. পেঁয়াজ

পেঁয়াজে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান ও উদ্ভিজ্জ রাসায়নিক। বিশেষ করে এর বাইরের স্তরে এসব উপাদানের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। সালাদ বা রায়তায় কাঁচা পেঁয়াজ খাওয়া যেতে পারে। পেঁয়াজ ও টমেটো দিয়ে চাটনিও তৈরি করা যায়। রান্নার ক্ষেত্রে অল্প আঁচে কম সময় ধরে রান্না করলে পুষ্টিগুণ ভালোভাবে বজায় থাকে।

৩. টমেটো

টমেটো রান্না করলে এতে থাকা লাইকোপিন শরীরের জন্য সহজলভ্য হয়। লাইকোপিন একটি উদ্ভিজ্জ উপাদান, যা টমেটোর লাল রঙের জন্য দায়ী এবং ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত। সামান্য তেল দিয়ে টমেটো রান্না করলে লাইকোপিন শোষণে সুবিধা হয়। তবে বাজারের টমেটো কেচাপে অতিরিক্ত চিনি ও লবণ থাকতে পারে। তাই এটি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

৪. গাজর

গাজরও পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি। সামান্য তেল দিয়ে হালকা রান্না করলে এতে থাকা বিটা-ক্যারোটিন থেকে শরীরে ভিটামিন এ তৈরির প্রক্রিয়া সহজ হয়। চিকিৎসক শঙ্করনের মতে, রান্না করা গাজর থেকে কাঁচা গাজরের তুলনায় তিন থেকে ছয় গুণ বেশি ভিটামিন এ পাওয়া যেতে পারে।

৫. ফুলকপি

ফুলকপিতে থাকা উপকারী উপাদান ধরে রাখতে ভাপে সেদ্ধ করা বা অল্প সময় নেড়েচেড়ে রান্না করা ভালো। দীর্ঘ সময় পানিতে সেদ্ধ করলে এর কিছু পুষ্টি উপাদান পানিতে মিশে যেতে পারে। ডাল, মটরশুঁটি কিংবা অন্যান্য সবজির সঙ্গে ফুলকপি রান্না করা যায়। তবে অতিরিক্ত তেলে ভাজা বা মাঞ্চুরিয়ান ধরনের খাবার স্বাস্থ্যকর বিকল্প নয় বলে মনে করেন চিকিৎসক।

৬. বাঁধাকপি

ফুলকপির মতো বাঁধাকপিও একই গোত্রের সবজি। রান্নার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। পুষ্টিগুণ ধরে রাখতে অল্প সময় নেড়েচেড়ে রান্না করা কিংবা ভাপে সেদ্ধ করা যেতে পারে। বাঁধাকপি দিয়ে ভাজি ও তরকারি তৈরি করা যায়। তবে অতিরিক্ত সেদ্ধ করে পানি ফেলে দিলে এর কিছু পুষ্টি উপাদান নষ্ট হতে পারে।

৭. ব্রকলি

ব্রকলি রান্নার ক্ষেত্রে অল্প সময় ভাপে সেদ্ধ করাই ভালো। তিন থেকে চার মিনিট ভাপে রাখলে এর রং ও পুষ্টিগুণ অনেকটাই বজায় থাকে। এরপর সামান্য কাঁচা সরিষার গুঁড়া ছড়িয়ে খাওয়া যেতে পারে। চিকিৎসকের মতে, এই সমন্বয় সালফোরাফেন নামের একটি উপাদানের কার্যকারিতা বাড়াতে পারে। উপাদানটি ক্যানসারের ঝুঁকি কমানোর সম্ভাব্য সহায়ক হিসেবে বিবেচিত। তবে অতিরিক্ত তাপে রান্না করলে এর কার্যকর এনজাইম নষ্ট হতে পারে।

৮. মাশরুম

মাশরুম খাওয়ার সঙ্গে স্তন ক্যানসারের ঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেছে। তবে এটি কাঁচা না খেয়ে রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অল্প তেলে পাঁচ থেকে সাত মিনিট ভেজে কিংবা গ্রিল করে খাওয়া যেতে পারে। মাশরুম দিয়ে মটরশুঁটির তরকারি বা অমলেটও তৈরি করা যায়। তবে বনে বা খোলা জায়গায় পাওয়া অপরিচিত মাশরুম খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ কিছু বুনো মাশরুম বিষাক্ত হতে পারে।

প্রতিদিন কতটুকু ফল ও সবজি খাবেন?

চিকিৎসক শঙ্করনের মতে, প্রতিদিন আট ধরনের সবজি খাওয়ার প্রয়োজন নেই। বরং খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল ও সবজি মিলিয়ে প্রায় ৪০০ গ্রাম বা পাঁচ মুঠো পরিমাণ রাখার চেষ্টা করা যেতে পারে। এতে শরীর বিভিন্ন সবজির ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদান পাবে।

চিকিৎসক আরও উল্লেখ করেছেন, কোনো একটি সবজি ক্যানসার নিরাময় করতে পারে না। ক্যানসারের ঝুঁকি কমাতে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি সামগ্রিক জীবনযাপনের ধরনও গুরুত্বপূর্ণ।

সূত্র: এনডিটিভি


Loading...
Loading...

জীবনযাপন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: