পূজার উৎসবে খাবারের আয়োজনে চাই বিশেষ কিছু। ইলিশ মাছের ঘ্রাণে মাখা সুগন্ধি পোলাও আর দুধে ঘন করে তৈরি পায়েস—দুই পদেই জমে উঠতে পারে উৎসবের ভোজ। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ঘরেই তৈরি করতে পারেন এই সুস্বাদু খাবার। রেসিপি দুটি দিয়েছেন হলিডে ইন সিটি সেন্টারের এক্সিকিউটিভ শেফ বনিফাস গোমেজ।
ইলিশ পোলাও
সুগন্ধি চাল, মসলার স্বাদ আর ইলিশ মাছের মেলবন্ধনে তৈরি ইলিশ পোলাও পূজার ভোজে আনতে পারে ভিন্ন মাত্রা।
প্রস্তুতির উপকরণ
● ইলিশ মাছ — ৬ টুকরা
● পেঁয়াজকুচি — আধা কাপ
● পেঁয়াজবাটা — ৩ টেবিল চামচ
● আদাবাটা — ১ চা-চামচ
● রসুনবাটা — ১ চা-চামচ
● কাঁচা মরিচ — ৪টি
● মিষ্টি দই — সিকি কাপ
● নারকেলের দুধ — ১ কাপ
● লবণ — স্বাদমতো
● সুগন্ধি চাল — ২ কাপ
● কুসুম গরম পানি — ৩ কাপ
● তেল — আধা কাপ
● তেজপাতা — ১টি
প্রস্তুত প্রণালি
১. প্রথমে চাল ধুয়ে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে নিন।
২. কড়াইয়ে ৩ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন। এবার পেঁয়াজবাটা, আদাবাটা ও রসুনবাটা দিয়ে কষাতে থাকুন। মসলা কড়াই থেকে তেল ছাড়তে শুরু করলে প্রয়োজনমতো সামান্য পানি দিতে পারেন।
৩. মসলা ভালোভাবে কষানো হলে ফেটানো মিষ্টি দই ও লবণ মিশিয়ে দিন। এরপর নারকেলের দুধ দিয়ে প্রায় ১০ মিনিট রান্না করুন।
৪. মসলার মধ্যে ইলিশের টুকরাগুলো দিয়ে ঢেকে রান্না করুন। মাছ সেদ্ধ হলে তুলে রাখুন এবং ঝোলের কিছু অংশ সংরক্ষণ করুন, যাতে মাছ শুকিয়ে না যায়।
৫. অন্য একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে তেজপাতা দিন। এরপর কুসুম গরম পানি ও সংরক্ষিত ঝোল মিশিয়ে ফুটিয়ে নিন।
৬. পানি ফুটে উঠলে ভেজানো চাল দিয়ে রান্না করুন। চাল আধা সেদ্ধ হয়ে এলে ঢেকে কম আঁচে প্রায় ১০ মিনিট দমে রাখুন।
৭. এবার চালের ওপর ইলিশের টুকরাগুলো সাজিয়ে কাঁচা মরিচ দিন। ঢাকনা দিয়ে মৃদু আঁচে আরও কিছুক্ষণ দমে রাখুন। চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ইলিশ পোলাও।
দুধের পায়েস
পূজার উৎসবের খাবারের তালিকায় মিষ্টিমুখের জন্য পায়েসের জুড়ি নেই। দুধ, সুগন্ধি চাল ও ক্রিমে তৈরি ঘন পায়েস পরিবেশন করতে পারেন ভোজের শেষ পাতে।
প্রয়োজনীয় উপকরণ
● দুধ — ১ লিটার
● পোলাওয়ের চাল — ৫০ গ্রাম
● ফ্রেশ ক্রিম — আধা কাপ
● কনডেন্সড মিল্ক — আধা কাপ
● গুঁড়া দুধ — আধা কাপ
● লবণ — সামান্য
● এলাচ — ১টি
● দারুচিনি — ১ টুকরা
● তেজপাতা — ১টি
● গুড় — অল্প
● কাঠবাদাম কুচি — সাজানোর জন্য
প্রস্তুত প্রণালি
১. একটি পাত্রে দুধ নিয়ে তাতে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিন। মাঝারি আঁচে নেড়ে নেড়ে জ্বাল দিন, যাতে দুধের পরিমাণ কমে ঘন হয়ে আসে।
২. এবার ধুয়ে রাখা চাল দিয়ে রান্না করুন। চাল নরম হয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝেমধ্যে নেড়ে দিন, যাতে পাত্রের তলায় লেগে না যায়।
৩. চাল সেদ্ধ হলে কনডেন্সড মিল্ক, ফ্রেশ ক্রিম ও গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
৪. সামান্য লবণ ও স্বাদ অনুযায়ী অল্প গুড় যোগ করুন। পায়েস ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
৫. পরিবেশনের আগে ওপর থেকে কাঠবাদাম কুচি ছড়িয়ে দিন। গরম অথবা ঠান্ডা—পছন্দ অনুযায়ী পরিবেশন করুন মজাদার দুধের পায়েস।
পূজার আনন্দে ইলিশ পোলাওয়ের সঙ্গে ঘন দুধের পায়েসের আয়োজন অতিথি আপ্যায়নে যোগ করবে বাড়তি স্বাদ। উপকরণের পরিমাণ ও রান্নার সময় নিজের প্রয়োজন অনুযায়ী সামান্য সমন্বয় করে নিতে পারেন।
ছবি: হলিডে ইন