ইন্টারনেটে বিজ্ঞাপন দেখে পছন্দের গাড়ি খোঁজা, দাম তুলনা কিংবা সরাসরি বিক্রেতার সঙ্গে যোগাযোগ—সবই এখন সম্ভব ঘরে বসে। ফলে ব্যবহৃত ও রিকন্ডিশন গাড়ি কেনাবেচায় অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ছে। তবে আকর্ষণীয় ছবি, কম দাম কিংবা বিক্রেতার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে লেনদেন করলে প্রতারণা ও আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে গাড়ির মালিকানা, প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রকৃত বাজারমূল্য যাচাই না করে কেনাবেচার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
নিরাপদ লেনদেন নিশ্চিত করতে ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষেরই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।
গাড়ির কাগজপত্র যাচাইয়ে প্রথম গুরুত্ব
ব্যবহৃত গাড়ি কেনার আগে এর বৈধতা ও মালিকানা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। এ জন্য গাড়ির মূল রেজিস্ট্রেশন সনদ বা ব্লু বুক ভালোভাবে পরীক্ষা করতে হবে। পাশাপাশি হালনাগাদ ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে বিমাসংক্রান্ত কাগজপত্র দেখে নিতে হবে।
শুধু কাগজ হাতে পেলেই যাচাই শেষ নয়। রেজিস্ট্রেশন সনদে উল্লেখ করা ইঞ্জিন ও চেসিস নম্বরের সঙ্গে গাড়িতে থাকা নম্বর মিলিয়ে দেখা জরুরি। কোনো নম্বরে অসংগতি, ঘষামাজা কিংবা পরিবর্তনের চিহ্ন থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে।
গাড়িটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণে কেনা হয়ে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়মুক্তি বা অনাপত্তিপত্র রয়েছে কি না নিশ্চিত হতে হবে। কোনো ধরনের আর্থিক দায় কিংবা আইনি জটিলতা আছে কি না, সেটিও যাচাই করা প্রয়োজন। প্রয়োজনীয় নথির বিষয়ে নিশ্চিত হতে বিআরটিএর সংশ্লিষ্ট কার্যালয় থেকে তথ্য নেওয়া যেতে পারে।
মালিকানা পরিবর্তন না করলে বিপদে পড়তে পারেন বিক্রেতাও
গাড়ি বিক্রির পর শুধু টাকা বুঝে নেওয়া কিংবা চুক্তিপত্র তৈরি করলেই দায়িত্ব শেষ হয় না। আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ায় মালিকানা পরিবর্তন সম্পন্ন করাও জরুরি।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী, মোটরযান হস্তান্তরের ৩০ দিনের মধ্যে বিক্রেতাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে। অন্যদিকে, ক্রেতাকে ৬০ দিনের মধ্যে নিজের নামে গাড়িটির নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।
বাস্তবে অনেক ক্ষেত্রে গাড়ি বিক্রি হলেও আগের মালিকের নামেই নিবন্ধন থেকে যায়। এতে পরবর্তী সময়ে গাড়ির অগ্রিম আয়কর ও পরিবেশ সারচার্জের দায় পুরোনো মালিকের ওপর পড়তে পারে। এ ধরনের জটিলতা এড়াতে বিক্রির পরপরই মালিকানা পরিবর্তনের উদ্যোগ নেওয়া উচিত।
বিআরটিএ মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করতে অনলাইন আবেদনের সুযোগ চালু করেছে। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, অনলাইনে আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করে একই দিনে মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সনদের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য দিতে পারেন।
বাজারদর না জেনে কিনবেন না
অনলাইনে একই মডেল ও কাছাকাছি উৎপাদন বছরের গাড়ির দামে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। তাই একটি বিজ্ঞাপন দেখে দাম চূড়ান্ত না করে একাধিক প্ল্যাটফর্মে একই ধরনের গাড়ির মূল্য যাচাই করা উচিত।
গাড়ির উৎপাদন বছর, মাইলেজ, ইঞ্জিনের অবস্থা, দুর্ঘটনার ইতিহাস, বাহ্যিক সৌন্দর্য এবং যন্ত্রাংশের কার্যক্ষমতা—সবকিছুই দামের ওপর প্রভাব ফেলে। বাজারদরের তুলনায় অস্বাভাবিক কম দামে গাড়ি বিক্রির প্রস্তাব এলে সতর্ক হতে হবে। এর পেছনে লুকানো ত্রুটি, কাগজপত্রের সমস্যা কিংবা প্রতারণার উদ্দেশ্য থাকতে পারে।
দাম চূড়ান্ত করার আগে অভিজ্ঞ মেকানিক দিয়ে গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, ব্রেক, সাসপেনশন ও বৈদ্যুতিক ব্যবস্থা পরীক্ষা করানো ভালো। সম্ভব হলে গাড়ি চালিয়ে এর কার্যক্ষমতাও যাচাই করতে হবে।
বিক্রেতার পরিচয় নিশ্চিত না হয়ে লেনদেন নয়
অনলাইনে গাড়ির বিজ্ঞাপনদাতাই যে প্রকৃত মালিক, তা নিশ্চিত হওয়ার বিকল্প নেই। বিক্রেতার জাতীয় পরিচয়পত্রের নামের সঙ্গে গাড়ির রেজিস্ট্রেশন সনদে থাকা মালিকের নাম মিলিয়ে দেখতে হবে।
বিক্রেতা নিজে মালিক না হলে তার বিক্রির বৈধ ক্ষমতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা জরুরি। শুধু ফোনে কথা বলে কিংবা অনলাইনে পাঠানো কাগজের ছবি দেখে লেনদেন চূড়ান্ত করা ঠিক নয়।
গাড়ি কেনার আগে সরাসরি বিক্রেতার সঙ্গে দেখা করে মূল কাগজপত্র পরীক্ষা করতে হবে। পাশাপাশি দিনের আলোতে গাড়ির বিভিন্ন অংশ পর্যবেক্ষণ এবং পরীক্ষামূলক চালনার ব্যবস্থা রাখা উচিত।
অগ্রিম টাকা পাঠানোর আগে ভাবুন
অনলাইনে প্রতারণার অন্যতম কৌশল হলো কম দামের প্রলোভন দেখিয়ে দ্রুত অগ্রিম টাকা চাওয়া। অনেক সময় গাড়ি দেখানোর আগেই বুকিং মানি বা অগ্রিম অর্থ পাঠাতে চাপ দেওয়া হয়। এ ধরনের প্রস্তাবে যাচাই ছাড়া সাড়া দেওয়া ঝুঁকিপূর্ণ।
গাড়ি সরেজমিনে দেখা, কাগজপত্র যাচাই এবং বিক্রেতার পরিচয় নিশ্চিত হওয়ার আগে কোনো অর্থ পরিশোধ করা উচিত নয়। লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং মাধ্যম ব্যবহার করা ভালো। অর্থ পরিশোধের রসিদ, বিক্রয় চুক্তি ও যোগাযোগের প্রমাণ সংরক্ষণ করতে হবে।
নিরাপদ কেনাবেচায় প্রয়োজন সচেতনতা
অনলাইনে গাড়ি কেনাবেচা সময় ও শ্রম বাঁচালেও এখানে সতর্কতার বিকল্প নেই। ক্রেতার উচিত গাড়ির প্রকৃত অবস্থা, কাগজপত্র ও বিক্রেতার পরিচয় নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নেওয়া। অন্যদিকে, বিক্রেতাকেও অর্থ গ্রহণের পাশাপাশি যথাযথভাবে মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সঠিক তথ্য যাচাই, স্বচ্ছ লেনদেন এবং আইনি আনুষ্ঠানিকতা অনুসরণ করা গেলে অনলাইনে ব্যক্তিগত গাড়ি কেনাবেচা অনেক বেশি নিরাপদ ও ঝামেলামুক্ত হতে পারে।