চাবি, মোবাইল কিংবা প্রয়োজনীয় কোনো জিনিস চোখের সামনেই পড়ে আছে, অথচ খুঁজে পাওয়া যাচ্ছে না—এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। অথচ অন্য কেউ এসে কয়েক সেকেন্ডের মধ্যেই জিনিসটি বের করে দেন। বিষয়টি নিয়ে হাসাহাসি হলেও এর পেছনে রয়েছে মস্তিষ্কের মনোযোগ ও তথ্য বিশ্লেষণের বিশেষ প্রক্রিয়া।
গবেষকদের মতে, চোখের সামনে থাকা সবকিছু মস্তিষ্ক সমানভাবে প্রক্রিয়াজাত করে না। চারপাশের অসংখ্য দৃশ্য ও তথ্যের মধ্য থেকে মস্তিষ্ক নির্দিষ্ট কিছু বিষয়কে গুরুত্ব দেয়। মনোবিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে অনেকটা আলোর স্পটলাইটের সঙ্গে তুলনা করেন—যেখানে মনোযোগ পড়ে, সেখানকার তথ্যই তুলনামূলক ভালোভাবে ধরা পড়ে।
চোখের রেটিনার কেন্দ্রীয় অংশ ‘ফোভিয়া’ সবচেয়ে স্পষ্টভাবে দেখতে সাহায্য করে। তবে এর দৃষ্টিসীমা খুবই সীমিত। তাই চারপাশের কোনো দৃশ্য ভালোভাবে দেখতে চোখকে বারবার এক স্থান থেকে অন্য স্থানে সরাতে হয়। চোখের এই দ্রুত গতিকে বলা হয় ‘স্যাকাড’। এর মাধ্যমে মস্তিষ্ক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং অপ্রয়োজনীয় তথ্যের চাপ সামলায়।
কোনো কিছু দেখতে শুধু চোখের ভূমিকা থাকলেই চলে না; মস্তিষ্কের প্রত্যাশা ও মনোযোগও গুরুত্বপূর্ণ। অন্য কোনো কাজে মনোযোগ নিবদ্ধ থাকলে সামনে থাকা বস্তু চোখে পড়লেও মস্তিষ্ক সেটি শনাক্ত করতে পারে না। মনোবিজ্ঞানে এ ঘটনাকে বলা হয় ‘অমনোযোগজনিত অন্ধত্ব’।
এর পরিচিত উদাহরণ বাস্কেটবল পাস গণনার একটি পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণকারীদের খেলোয়াড়দের পাসের সংখ্যা গুনতে বলা হয়েছিল। এ সময় দৃশ্যের মাঝখান দিয়ে গরিলার পোশাক পরা একজন হেঁটে গেলেও প্রায় অর্ধেক অংশগ্রহণকারী সেটি খেয়াল করেননি। অর্থাৎ চোখে দৃশ্যটি ধরা পড়লেও মনোযোগ অন্যদিকে থাকায় মস্তিষ্ক তা শনাক্ত করতে পারেনি।
কোনো বস্তু খুঁজে পাওয়ার ক্ষেত্রে চোখের নড়াচড়া ও পরিবেশের বিন্যাসও ভূমিকা রাখে। মস্তিষ্কের ‘ডরসাল স্ট্রিম’ দৃশ্যের স্থানিক তথ্য প্রক্রিয়াকরণ এবং মনোযোগ নিয়ন্ত্রণে সহায়তা করে। কেউ কোনো জায়গা খোঁজার সময় একেকটি অংশ ধরে নিয়মতান্ত্রিকভাবে চোখ বোলান, আবার কেউ দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে দৃষ্টি সরান। দ্বিতীয় পদ্ধতিতে কোনো কোনো অংশ বাদ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
বস্তু খোঁজার দক্ষতায় নারী-পুরুষের পার্থক্য নিয়েও বিভিন্ন গবেষণা হয়েছে। কিছু গবেষণায় অগোছালো পরিবেশে নির্দিষ্ট বস্তু খুঁজে বের করার ক্ষেত্রে নারীদের সামান্য এগিয়ে থাকার এবং ত্রিমাত্রিক স্থানিক কল্পনায় পুরুষদের তুলনামূলক ভালো করার প্রবণতা দেখা গেছে। তবে এসব ফলাফল নিয়ে বিতর্ক রয়েছে। ব্যক্তির অভিজ্ঞতা, পরিবেশের সঙ্গে পরিচিতি এবং মনোযোগের ধরনও এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, কোনো কিছু খোঁজার সময় মস্তিষ্ক শুধু চোখের সামনে থাকা দৃশ্য দেখে না; বরং কোথায় কী থাকার কথা, সে সম্পর্কে আগে থেকেই একটি ধারণা তৈরি করে। সেই ধারণার সঙ্গে বাস্তব দৃশ্যের মিল না হলে সামনে থাকা জিনিসও নজর এড়িয়ে যেতে পারে।
তাই চোখের সামনে থাকা কোনো বস্তু খুঁজে না পাওয়া সব সময় অসতর্কতা কিংবা ইচ্ছাকৃত অবহেলার বিষয় নয়। অনেক ক্ষেত্রে মস্তিষ্কের মনোযোগ বাছাইয়ের প্রক্রিয়াই এর কারণ।