
ফিফা সভাপতি পদে টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব নিতে চান জিয়ান্নি ইনফান্তিনো। তবে এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই তাঁর। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে বর্তমান সভাপতির বিপক্ষে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন জাপানের কোহজো তাশিমা ও ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো। ফলে ফিফার শীর্ষ পদে নির্বাচনী লড়াই এবার পাচ্ছে ভিন্ন মাত্রা।
বুধবার (১৮ নভেম্বর) সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। পরদিন বৃহস্পতিবার এক বিবৃতিতে তিন প্রার্থীর নাম প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাঁরা হলেন— জিয়ান্নি ইনফান্তিনো, ফিলিপ দিয়ালো ও কোহজো তাশিমা।
আগামী ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হবে ফিফার ৭৭তম কংগ্রেস। সেখানেই সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি। গত ২৯ এপ্রিল ফিফা কাউন্সিল নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল।
তবে মনোনয়ন জমা দিলেই চূড়ান্ত প্রার্থী হওয়া নিশ্চিত নয়। ফিফার নির্বাচনবিষয়ক কমিটি প্রার্থীদের মনোনয়ন ও যোগ্যতা যাচাই করবে। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের বিষয়ে সদস্য দেশগুলোকে জানানো হবে।
এবারের নির্বাচনে ইনফান্তিনোর সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বী ফিলিপ দিয়ালো। তাঁর প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। শুরুতে ইনফান্তিনোর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও উয়েফার এই অবস্থানে নির্বাচনী সমীকরণ বদলে গেছে।
উয়েফা সভাপতি আলেক্সান্ডার চেফেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ইউরোপের জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধিরা দিয়ালোর প্রতি সর্বসম্মত সমর্থন জানান। একই সঙ্গে তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতিও দেন তাঁরা।
ফরাসি ফুটবলে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে দিয়ালোর। দেশটির পেশাদার ফুটবল ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তিনি। দায়িত্ব পালন করেছেন ফ্রেঞ্চ প্রফেশনাল ফুটবল লিগের বোর্ডেও। এ ছাড়া ফিফার বিরোধ নিষ্পত্তি-সংক্রান্ত বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৩ সালে উয়েফার নির্বাহী কমিটিতে যোগ দেওয়ার আগে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন দিয়ালো।
ইনফান্তিনোর নেতৃত্বে ফিফার বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছে ইউরোপের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। তাদের মতে, বিশ্ব ফুটবলে ঐক্য ও পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা এখন জরুরি। পাশাপাশি বিশ্বের সব অঞ্চলে ফুটবলের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া, সুশাসন নিশ্চিত করা এবং সদস্য অ্যাসোসিয়েশন ও কনফেডারেশনগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ানোর ওপর জোর দিয়েছে তারা।
সব মিলিয়ে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছে। তবে মনোনয়ন যাচাইয়ের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হলেই স্পষ্ট হবে, ইনফান্তিনোর সামনে শেষ পর্যন্ত কারা থাকছেন।