আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং প্যানেলে আট বছরের দায়িত্ব শেষে বিদায় নিয়েছেন ওয়াল্টার স্যামুয়েল। এবার প্রধান কোচ হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার। কোস্টারিকার বিপক্ষে ম্যাচের পর তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে বুধবার কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দেয় লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে ড্রেসিংরুমে স্যামুয়েলের জন্য আয়োজন করা হয় সংক্ষিপ্ত বিদায় সংবর্ধনা। সেখানে উপস্থিত ছিলেন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা।
২০১৮ সালে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই স্কালোনির সহকারী হিসেবে কাজ করেছেন স্যামুয়েল। দলটির সাম্প্রতিক সাফল্যের পেছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে এবার নিজের কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরুর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
স্যামুয়েলের বিদায় নিয়ে স্কালোনি বলেন, ‘আমাদের অর্জনগুলোতে তিনি কতটা বড় ভূমিকা রেখেছেন, তা তাঁর অনুপস্থিতিতেই বোঝা যাবে। আপাতত তাঁর জায়গায় নতুন কাউকে নেওয়ার পরিকল্পনা নেই। কারণ, তাঁর জায়গা পূরণ করা সম্ভব নয়। ভবিষ্যতে প্রয়োজন মনে হলে তাঁকে আবার ফোন করব।’
বিদায় সংবর্ধনায় স্যামুয়েলের হাতে স্মারক ও জাতীয় দলের হয়ে খেলার সময় ব্যবহৃত নম্বরসংবলিত দুটি জার্সি তুলে দেওয়া হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘বছরগুলো ছিল অসাধারণ। আমার পরিবার আমার সঙ্গে ছিল। তাদের জন্য বড় একটি আলিঙ্গন পাঠাতে চাই।’
জাতীয় দলের সতীর্থ ও কোচিং স্টাফের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান স্যামুয়েল। বিশেষভাবে লিওনেল মেসি, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এবং পুরো কোচিং স্টাফকে ধন্যবাদ দেন তিনি। তাঁর ভাষায়, জাতীয় দলের সবাই ছিলেন তাঁর দ্বিতীয় পরিবারের মতো। ফুটবলে তাঁর অর্জনের পেছনে তাঁদের সবার অবদান রয়েছে।
স্কালোনি জানান, কোচিং ক্যারিয়ার নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা আগেই তাঁকে জানিয়েছিলেন স্যামুয়েল। বন্ধুর নতুন পথচলার জন্য শুভকামনাও জানিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ।
স্যামুয়েলের বিদায়ের পরও স্কালোনির কোচিং প্যানেলে থাকছেন পাবলো আইমার ও রবার্তো আয়ালা। দায়িত্ব পালন করবেন গোলরক্ষক কোচ মার্টিন তোকালি, ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না এবং ফিজিও লুইস মার্তিনও।