ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত ৭ নম্বর জার্সি গায়ে চাপিয়ে পর্তুগালকে জয়ের স্বাদ এনে দিলেন কার্লোস ফর্বস। ওয়েলসের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে জিতেছে পর্তুগাল। ম্যাচের শেষদিকে পেদ্রো নেতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের দল নিয়ে জয় ধরে রাখে পর্তুগিজরা।
মঙ্গলবার দিবাগত রাতে কার্ডিফ সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বদলি হিসেবে ৫৯ মিনিটে মাঠে নামেন ক্লাব ব্রুগের উইঙ্গার ফর্বস। ৭০ মিনিটে তাঁর করা গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। জাতীয় দলের হয়ে এটিই ছিল তাঁর প্রথম গোল।
এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল। গ্রুপে দ্বিতীয় হয়েছে নরওয়ে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। ১১ মিনিটে জোয়াও নেভেসের কাছ থেকে বল পেয়ে জোরালো শটে দলকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পর্তুগিজরা। দুই মিনিট পর সতীর্থের বাড়ানো বল পেয়ে পেনাল্টি স্পট থেকে গোল করে ওয়েলসকে সমতায় ফেরান ডেভিড ব্রুকস। এরপর ৪০ মিনিটে ব্রুকসের পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন সর্বা থমাস।
বিরতির আগে অবশ্য সমতা ফিরিয়ে আনে পর্তুগাল। ৪৩ মিনিটে ত্রিনকাওয়ের ক্রস থেকে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান পেদ্রো নেতো। ফলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে রাখে। ৫৯ মিনিটে মাঠে নামার পর ৭০ মিনিটে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফর্বস। বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান তিনি। তাঁর গোলেই ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় পর্তুগাল।
তবে তিন মিনিট পরই বিপাকে পড়ে দলটি। বাজে ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রো নেতো। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় পর্তুগালকে। শেষ পর্যন্ত ওয়েলস আর গোলের দেখা না পাওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগিজরা।