
রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ আরও দীর্ঘমেয়াদের জন্য নিশ্চিত করলেন তুরস্কের তরুণ মিডফিল্ডার আর্দা গুলার। ২১ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ জায়ান্টরা।সম্প্রতি ছয় বছরের নতুন চুক্তিতে সই করেছেন গুলার। এর মধ্য দিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর দীর্ঘমেয়াদি অবস্থানের পথ নিশ্চিত করল ক্লাবটি।
রিয়ালের সঙ্গে গুলারের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত। নতুন চুক্তিতে আরও তিন বছর বাড়তি সময় পেলেন তিনি। সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে কোচের আস্থার প্রতিদানও দিচ্ছেন এই তুর্কি তারকা। চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচের ১৪টিতে মাঠে নেমেছেন তিনি। এ সময়ে চারটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন সাতটি গোল।
মাঝমাঠে সৃজনশীলতা, নিখুঁত পাস ও আক্রমণ তৈরির দক্ষতায় দ্রুতই নিজের জায়গা করে নিচ্ছেন গুলার। বয়সে তরুণ হলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের আক্রমণভাগে তাঁর অবদান নজর কেড়েছে। নতুন চুক্তির মাধ্যমে তাঁকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনারই ইঙ্গিত দিল রিয়াল মাদ্রিদ।
ক্লাবের পাশাপাশি তুরস্ক জাতীয় দলের হয়েও ধারাবাহিক পারফরম্যান্স করছেন গুলার। সম্প্রতি বেলজিয়ামের বিপক্ষে তাঁর ফ্রি-কিক থেকে করা গোলটি ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় দলের জার্সিতেও তাঁর এমন নৈপুণ্য ইউরোপীয় ফুটবলে গুলারের গুরুত্ব আরও বাড়িয়েছে।
আন্তর্জাতিক বিরতি শেষে শনিবার লা লিগায় মাঠে ফিরবে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে সেল্টা ভিগোর মুখোমুখি হবে তারা। নতুন চুক্তির খবরের পর ওই ম্যাচেও গুলারের পারফরম্যান্সের দিকে নজর থাকবে সমর্থকদের।