প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা বা বড় ডিগ্রি অর্জনের চেয়ে মানবিক গুণাবলি ও নৈতিকতার চর্চাকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, অর্জিত জ্ঞান যদি অসহায় মানুষের কল্যাণে, বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে কিংবা সমাজে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজে না আসে, তবে সেই ডিগ্রির কোনো সার্থকতা নেই।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব-২০২৬’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে কর্ণফুলীর ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। চূড়ান্ত পর্বে ‘মেধা পাচার রোধে শিক্ষাব্যবস্থার সংস্কারের চেয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অধিক ফলপ্রসূ’ শীর্ষক বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হয়।
শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপনের ধরন ও বিশ্লেষণী ক্ষমতার প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের এমন সাবলীল ও মানসম্মত বিতর্ক প্রমাণ করে, সঠিক পরিচর্যা পেলে বাংলাদেশের তরুণেরা আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম। মেধাবী তরুণ প্রজন্মকে দেশের প্রধান সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের ঘিরে সৃজনশীল আয়োজন যত বাড়বে, দেশ ও সমাজ তত বেশি সমৃদ্ধ হবে।
বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপট তুলে ধরে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থাকার পরামর্শ দেন। তিনি বলেন, বিশ্বায়ন ও প্রযুক্তির উৎকর্ষের ফলে কর্মসংস্থানের ধরন বদলে যাচ্ছে। এখন দক্ষতা থাকলে ঘরে বসেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে। তাই নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।
এ সময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ড্রোন গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-এর অংশগ্রহণের উদাহরণ টেনে তরুণদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন তিনি।
শিক্ষকদের অনুকরণীয় আদর্শ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, শিক্ষকেরা সঠিক দিকনির্দেশনা দিলে শিক্ষার্থীরাও বিপথগামী হবে না। বিতর্ক প্রতিযোগিতায় জয়-পরাজয়ের চেয়ে অংশগ্রহণের অভিজ্ঞতাকে বড় করে দেখার পরামর্শ দিয়ে তিনি দেশের প্রতিটি উপজেলায় এ ধরনের আয়োজন ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিতর্ক উৎসব ছাড়াও একই দিন জেলা প্রশাসক কর্ণফুলী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় তিনি নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের শৈথিল্য না দেখানোর এবং নির্ধারিত সময়ের মধ্যে দাপ্তরিক কার্যক্রম নিষ্পত্তির জন্য কঠোর নির্দেশনা দেন।
পরে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে নামজারি ও অন্যান্য ভূমিসেবার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। জনভোগান্তি কমাতে নিয়মিত বিবিধ মামলার শুনানি গ্রহণেরও তাগিদ দেন তিনি। এ ছাড়া দিনের কর্মসূচির অংশ হিসেবে চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে নবনির্মিত একটি পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক।