হাসপাতালে ভর্তি রোগীর চিকিৎসার পাশাপাশি পুষ্টিকর খাবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের কাছে হাসপাতাল থেকে দেওয়া একবেলার খাবারও অনেক বড় ভরসা। কিন্তু ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিন চিকিৎসাধীন থাকেন প্রায় ৬০০ থেকে ৭০০ রোগী। অথচ সরকারি বরাদ্দ রয়েছে মাত্র ২৫০ জনের খাবারের। ফলে অনেক রোগী হাসপাতালের খাবার পাচ্ছেন না। চিকিৎসা নিতে এসে খাবারের অভাবে বাড়তি কষ্টে পড়ছেন অসহায় রোগীরা। এ সংকট নিরসনে খাবারের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
হাসপাতালে ভর্তি এসব রোগীর কেউ এসেছেন ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত গ্রাম থেকে, কেউ পঞ্চগড়, নীলফামারী কিংবা দিনাজপুরের বীরগঞ্জ থেকে। অসুস্থ শরীর নিয়ে সুস্থতার আশায় তাঁরা ভর্তি হয়েছেন ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। কারও জ্বর, কারও শ্বাসকষ্ট, আবার কেউ আক্রান্ত নানা জটিল রোগে। চিকিৎসকের পরামর্শে চলছে চিকিৎসা। তবে চিকিৎসার পাশাপাশি অনেক রোগীর কাছে এখন বড় দুশ্চিন্তার কারণ খাবারের ব্যবস্থা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন এখানে প্রায় ৬০০ থেকে ৭০০ রোগী চিকিৎসাধীন থাকেন। অথচ হাসপাতালের এমএসআর খাত থেকে খাবারের বরাদ্দ রয়েছে মাত্র ২৫০ জনের। ফলে নির্ধারিত বরাদ্দের বাইরে থাকা বিপুলসংখ্যক রোগীর জন্য সরকারি খাবারের নিশ্চয়তা নেই। এসব রোগীর কারও খাবারের ব্যবস্থা করেন স্বজনেরা, আবার কেউ হাসপাতালের আশপাশ থেকে খাবার সংগ্রহ করেন। যাঁদের পাশে খাবার কিনে দেওয়ার মতো কেউ নেই, তাঁদের ভোগান্তি আরও বেশি।
একজন সুস্থ মানুষের কাছে একবেলার খাবার হয়তো সামান্য বিষয়। কিন্তু অসুস্থ শরীরে হাসপাতালে ভর্তি থাকা একজন দরিদ্র মানুষের কাছে এই খাবারই অনেক বড় সম্বল। বিশেষ করে ছিন্নমূল ও হতদরিদ্র রোগীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। চিকিৎসার খরচ জোগাড় করতেই যেখানে তাঁদের হিমশিম খেতে হয়, সেখানে প্রতিদিন খাবার কিনে খাওয়ার সামর্থ্য থাকে না অনেকের। কেউ নীরবে কষ্ট সহ্য করেন, আবার কেউ খাবার না পেয়ে অসহায়ভাবে বসে থাকেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান কখনো কখনো নিজেদের উদ্যোগে দরিদ্র ও অসহায় রোগীদের খাবারের ব্যবস্থা করার চেষ্টা করে। তবে নির্ধারিত বরাদ্দের বাইরে এত বিপুলসংখ্যক রোগীর খাবারের দায়িত্ব নিয়মিতভাবে পালন করা তাদের পক্ষে সম্ভব হয় না। ফলে প্রতিদিনই খাবারের সংকট থেকে যায়। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হন অসহায় রোগীরা।
রোগী ও তাঁদের স্বজনদের দাবি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অন্তত খাবারের চিন্তা করতে না হয়। হাসপাতালটি যেহেতু আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল, তাই রোগীর প্রকৃত সংখ্যা বিবেচনায় নিয়ে খাবারের বরাদ্দ নির্ধারণ করা প্রয়োজন। বরাদ্দের সীমাবদ্ধতার কারণে কোনো রোগী যেন খাবার থেকে বঞ্চিত না হন, সে জন্য সরকারি বরাদ্দ বাড়িয়ে হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জানান, রোগীর তুলনায় খাবারের বরাদ্দ কম থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ বাড়ানোর জন্যও চাহিদা পাঠানো হয়েছে।
চিকিৎসা নিতে এসে কোনো মানুষ যেন খাবারের অভাবে আরও অসহায় হয়ে না পড়েন—এমনটাই প্রত্যাশা রোগী ও তাঁদের স্বজনদের। তাঁদের মতে, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মানুষের কাছে একবেলার খাবার শুধু আহার নয়, সুস্থ হয়ে ওঠার লড়াইয়ে প্রয়োজনীয় শক্তিও। তাই রোগীর সংখ্যা ও বাস্তব চাহিদা বিবেচনায় খাবারের বরাদ্দ বাড়িয়ে কোনো রোগীকে অভুক্ত থাকতে না দেওয়ার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।