এখন বর্ষা নেই, নেই বৃষ্টিও। তবু শুষ্ক মৌসুমে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে দেখা দিয়েছে ভাঙন। উপজেলার নুনখাওয়া ইউনিয়নের দুটি ওয়ার্ডের কাঠগিরি, হাজীপাড়া ও কালাবাগানসহ আশপাশের এলাকায় নদীভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, বাজারসহ বিভিন্ন স্থাপনা। এ অবস্থায় বসতভিটা ও ফসলি জমিসহ শেষ সম্বল হারানোর আশঙ্কায় দিশেহারা নদীপাড়ের কয়েক শ পরিবার।
স্থানীয়রা জানান, গত বর্ষা মৌসুমে দুধকুমার নদের ভাঙনে বসতভিটা হারিয়ে বাস্তুহারা হয়েছেন ওই এলাকার অসংখ্য পরিবার। ভিটেমাটি হারিয়ে আশ্রয়ের খোঁজে কেউ বাঁধে, কেউবা অন্যের জমিতে মাথা গুঁজেছেন। কিন্তু ভাঙন যেন পিছু ছাড়ছে না তাঁদের। একের পর এক ভাঙনে তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে।
কাঠগিরি এলাকার ষাটোর্ধ্ব কমলা বেগম জানান, গত বর্ষায় দুধকুমার নদের ভাঙনে তাঁর বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর অন্যের জমিতে আশ্রয় নেন তিনি। কিন্তু শুষ্ক মৌসুমেও যেভাবে নদীভাঙন শুরু হয়েছে, তাতে এই আশ্রয়টুকুও হারানোর আশঙ্কা করছেন তিনি। এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কমলা বেগম।
তাঁর মতো প্রতি বছর জমিজমা ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য পরিবার। খোতেজা বেগম জানান, দুধকুমার নদের ভাঙনে এ পর্যন্ত পাঁচ-ছয়বার তাঁর বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এক চর থেকে আরেক চরে বসতভিটা গড়তে গড়তে এখন তিনি নিঃস্ব। বর্তমানে অন্যের জমিতে কোনোমতে মাথা গুঁজে আছেন। সেই জমিটিও এখন নদীর তীরবর্তী হয়ে পড়েছে। এবার নদী সেটিও ভেঙে নিয়ে গেলে কোথায় আশ্রয় নেবেন, তা জানেন না তিনি।
নুর জামাল হোসেন জানান, বর্ষা মৌসুমে নদীভাঙনে এলাকার অনেক ফসলি জমি, সুপারি বাগান, বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। কিন্তু একই পরিস্থিতি শুরু হয়েছে শুষ্ক মৌসুমেও। বিষয়টি তাঁরা আগেও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন। এ নিয়ে মানববন্ধনও করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ অবস্থায় নদীপাড়ের মানুষের দাবি, সাময়িক ত্রাণ নয়, তাঁদের প্রয়োজন স্থায়ী বাঁধ নির্মাণ। এতে তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং রক্ষা পাবে বাপ-দাদার রেখে যাওয়া বসতভিটা ও ফসলি জমি।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, “মানববন্ধনের কথা শুনেছি এবং ভাঙনকবলিত এলাকায় খোঁজ নিয়েছি। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”