কার্তিকের মাঝামাঝি থেকেই বগুড়ার সোনাতলায় প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। দিনে হালকা গরম থাকলেও রাত নামলেই অনুভূত হচ্ছে শীতের আমেজ। ভোরে ঘাস ও লতাপাতায় জমছে শিশিরবিন্দু। হিমেল হাওয়া ও হালকা কুয়াশার এই আবহে শীত মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয়রা। ফলে উপজেলার লেপ-তোশকের দোকানগুলোতে বেড়েছে কারিগর ও ব্যবসায়ীদের ব্যস্ততা।
সরেজমিনে সোনাতলা পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ঘুরে দেখা যায়, বছরের অন্যান্য সময় যেসব লেপ-তোশকের দোকানে ক্রেতাদের আনাগোনা কম থাকে, সেসব দোকানে এখন ভিড় বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তুলা ধুনা ও সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। অন্যদিকে ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন মান ও রঙের কাপড় ও তুলা দেখানো এবং অর্ডার নেওয়ার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন দোকানিরা।
লেপ-তোশক তৈরির কারিগর জাহিদুল ইসলাম, সাত্তার ও শহীদুল ইসলাম জানান, বছরের বেশিরভাগ সময় কাজ না থাকায় তাঁদের অলস সময় কাটাতে হয়। তবে এবার শীতের আমেজ আগেভাগে শুরু হওয়ায় কাজের চাপ বেড়েছে। আকারভেদে প্রতিটি লেপ-তোশক তৈরির জন্য তাঁরা ৪০০ থেকে ৫০০ টাকা মজুরি নেন। শীতের মৌসুমে বাড়তি আয় দিয়েই মূলত তাঁদের সারা বছরের সংসার চলে।
উপজেলার লেপ-তোশক ব্যবসায়ী ইব্রাহিম আলী, সবুজ সরকার, জাহিদুল ইসলাম, মোন্তেজার রহমান, লাকি মেম্বার ও জবেদ আলী জানান, গত বছরের তুলনায় এবার তুলা, কাপড় ও কারিগরদের মজুরি বেড়েছে। ফলে লেপ-তোশকের দামও কিছুটা বেড়েছে।
ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, গত বছর সাধারণ মানের যে লেপ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হতো, এ বছর তা বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকায়। এ ছাড়া কাপড় ও তুলার মানভেদে বর্তমানে একটি ভালো মানের লেপ তৈরিতে ২ হাজার থেকে ৩ হাজার টাকা এবং তোশক তৈরিতে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা খরচ পড়ছে। গত বছর এ খরচ ছিল যথাক্রমে ১ হাজার থেকে ২ হাজার টাকা এবং দেড় হাজার থেকে ৩ হাজার টাকা।
ব্যবসায়ীরা আরও জানান, প্রতিটি লেপ-তোশক বিক্রিতে তাঁদের প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা লাভ থাকে। তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় ও বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা।